বেঙ্গালুরুতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করলেন ফখর
জামান। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে এটিই এখন দ্রুততম সেঞ্চুরি। ২০০৭ সালে কিংস্টনে
জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ বলে সেঞ্চুরি করেছিলেন ইমরান নাজির। তার ঝড়ো সেঞ্চুরিতে ভর
করে ৪০২ রানের বিশাল টার্গেটের পেছনে ছুটছিল পাকিস্তান। যদিও দুই দফায় বাগড়া দেয়
বৃষ্টি। এরপরও ফখরের ঝড়ো ব্যাটিংয় ভর করেই ডিএলএস মেথডে ২১ রানের জয় তুলে নিয়ে
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান।
৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে পাকিস্তান। তাদের
সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তিনে, নিউজিল্যান্ড চারে ও আফগানিস্তান পাঁচে
অবস্থান করছে। ১১ নভেম্বর শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। তার
দুদিন আগে নিউজিল্যান্ড শেষ ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে।
পাকিস্তানের স্কোর ১৬০/১ হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তখন
পাকিস্তান ডিএলএস মেথডে ১০ রানে এগিয়ে ছিল। ২১.৩ ওভারে তাদের ১৫০ রান থাকলেই চলতো,
তাদের স্কোর ছিল ১৬০/১। পরে ডিএলএস মেথডে পাকিস্তানকে ৪১ ওভারে ৩৪২ রানের সংশোধিত
টার্গেট দেয়া হয়। ফলে, পরের ১১৭ বলে তাদের করতে হতো আরো ১৮২ রান। ফখর ও বাবর পরের
২৪ বলে ৪০ রান যোগ করার পর আবার বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর খেলা আর
শুরু না হলে ডিএলএস মেথডে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয়।
ফখর ৮১ বলে ৮ বাউন্ডারি ও ১১ ছক্কায় ১২৬ এবং বাবর আজম ৬৩ বলে ৬
বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৬ রান করেন। দুজন ১৪১ বলে ১৯৪ রানের পার্টনারশিপ গড়েন। ফখরের
বীরত্বে বিফলেই গেল রাচিন রবীন্দ্রর অনবদ্য এক সেঞ্চুরি।
টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড চলতি বিশ্বকাপে রাচিনের তৃতীয়
সেঞ্চুরি (১০৮) ও চোট কাটিয়ে দলে ফেরা অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯৫ রানে ভর করে ৬
উইকেটে ৪০১ রানের সৌধ গড়ে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ২৫ বলে ৪১, মার্ক চ্যাপম্যান
২৭ বলে ৩৯, ডেভন কনওয়ের ৩৯ বলে ৩৫, ড্যারিল মিচেলে ১৮ বলে ২৯ ও মিচেল স্যান্টনারের
১৭ বলে ২৬ রানে ভর করে বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে মোহাম্মদ
ওয়াসিম ৬০ রানে তিনটি উইকেট নেন।
অসম্ভবকে সম্ভব করার মিশনে নেমে দ্বিতীয় ওভারেই আব্দুল্লাহ শফিককে
হারায় পাকিস্তান (৬/১)। টিম সাউদির বলে উইলিয়ামসনকে ক্যাচ দেন তিনি। এরপর বাবর
আজমকে নিয়ে শতরানের দুর্দান্ত এক জুটি গড়েন ফখর জামান। এ পথে তিনি তুলে নেন ৬৩ বলে
সেঞ্চুরি।
১৯৯৯ সালের পর বিশ্বকাপে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে ২০ ওভারের আগেই
সেঞ্চুরি পূর্ণ করলেন ফখর। এর আগে চলতি আসরে ভারতের রোহিত শর্মা ১৭.২ ওভারে ও ২০০৩
আসরে কানাডার জন ডেভিসন ১৮.৬ ওভারে সেঞ্চুরি করেন। ফখর করেন ১৯.২ ওভারে।
বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটাও নিজের করে
নিলেন ফখর জামান। ইমরান নাজির মেরেছিলেন আটটি ছক্কা। আজ বৃষ্টির আগেই নয়টি ছক্কা
মারেন ফখর।










