ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো জাতীয় দলের ফুটবলার জডি লুকোকি মাত্র ২৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

 

ডাচ ক্লাব আয়াক্স দিয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করা লুকোকি খেলেছেন ডাচ ক্লাব পিইসি জোয়ালে, বুলগেরিয়ান ক্লাব লুডোগোরেটস, তুরস্কের ইয়েনি মালাতিস্পোর ও অতি সম্প্রতি খেলেছেন ডাচ ক্লাব এফসি টুয়েন্টিতে।

 

তার মৃত্যুতে শোক জানিয়ে এফসি টুয়েন্টি তাদের ওয়েবসাইটে বলেছে, লুকোকির এই ট্র্যাজিক মৃত্যুতে ক্লাবটি গভীর শোক প্রকাশ করছে। এফসি টুয়েন্টি খেলোয়াড়টির পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে এবং তারা যেন স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারে সেই প্রার্থনা করছে।

 

তবে লুকোকি ঠিক কী কারণে মারা গেছেন তা জানা যায়নি।

 

গত বছর জুন মাসে দুই বছরের ধার চুক্তিতে এফসি টুয়েন্টিতে নাম লেখার লুকোকি। যদিও প্রাক-মৌসুম অনুশীলনের সময় তিনি হাঁটুর গুরুতর চোটে পড়েন।

 

খেলোয়াড়টির ‘ব্যক্তিগত জীবনের কারণ’ এর কথা বলে গত ফেব্রুয়ারিতে তার সঙ্গে চুক্তি বাতিল করে এফসি টুয়েন্টি।

 

জোয়ালে ক্লাবও লুকোকির মৃত্যুতে হতাশা ও দুঃখপ্রকাশ করেছে। উল্লেখ্য, ইউরোপিয়ান প্রতিযোগিতায় জোয়ালের প্রথম গোলটি করেন এই লুকোকি।

 

গত সপ্তাহে ইনস্টাগ্রামে এক পোস্টে লুকোকি বলছিলেন, চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য তিনি জিমে নিজেকে তৈরি করছেন।

 

নেদারল্যান্ডস যুব দলের হয়ে খেললেও পরে মন পরিবর্তন করে তিনি কঙ্গোর হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০১৫ সালে কঙ্গোর হয়ে আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক ঘটে। তিনটি ম্যাচ খেলেন জাতীয় দলের হয়ে এবং তিনটিই প্রীতি ম্যাচ। সর্বশেষ ম্যাচ খেলেন ২০২০ সালে বুরকিনা ফাসেরা বিপক্ষে। বিবিসি