ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শেষ মুহূর্তে দারুণ জমেছে শিরোপার লড়াই। ইতালির সিরি-এ লিগে নাপোলি, স্পেনের লা লিগায় বার্সেলোনা ও ফ্রান্সের লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) শিরোপা জয় অনেকটাই নিশ্চিত। তবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও জার্মান বুন্দেসলিগায়। এ দুটি লিগে হয়তো শেষ রাউন্ডে শিরোপার মীমাংসা হবে।
ইংল্যান্ডে আর্সেনাল-সিটি লড়াই
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে আর্সেনালকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা ধরে রাখার সম্ভাবনা উজ্জ্বল করেছে ম্যানচেস্টার সিটি। এ জয়ের পর আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে দুইয়ে নামিয়েছে সিটি। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গানাররা, তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি।
লা লিগায় এগিয়ে বার্সেলোনা
জিরোনার কাছে রিয়াল মাদ্রিদের হারের সুযোগটি লুফে নিতে পারেনি না বার্সেলোনা। বুধবার তারা ১-২ গোলে হেরেছে ভায়েকানোর মাঠে। ৩১ রাউন্ড শেষে জাভির দলের সংগ্রহ ৭৬ পয়েন্ট, সমান ম্যাচে রিয়ালের ৬৫। অ্যাতলেটিকোর ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট।
গতকাল রাতে ঘরের মাঠে রিয়াল খেলেছে আলমেরিয়ার বিপক্ষে, বার্সা ন্যু ক্যাম্পে আতিথ্য দেয় রিয়াল বেতিসকে।
আজই নাপোলির শিরোপা উৎসব?
ইতালিয়ান সিরি-এ লিগে গতকাল সন্ধ্যায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সালেরনিতানার মুখোমুখি হওয়ার কথা ছিল নাপোলির। এই ম্যাচটি জয়ের পর তাদের আজকের ইন্টার মিলান-লাৎসি ম্যাচের ফলাফলের অপেক্ষায় থাকতে হতো। ইন্টারের মাঠে লাৎসিও জিততে ব্যর্থ হলেই শিরোপার উৎসব শুরু হতো নেপলসে। কিন্তু নিরাপত্তার কারণে একদিন পেছানো হয় নাপোলির ম্যাচটি। এটি আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে। তার আগেই বেলা সাড়ে ৪টায় শুরু ইন্টার-লাৎসিও ম্যাচ। নাপোলি আজই শিরোপা উৎসব করবে কিনা, সেটি তারা নিজেদের ম্যাচের আগেই জেনে যাবে।
৩৩ বছর পর শিরোপার সুবাস পাচ্ছে নাপোলি। ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে তারা, সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও।
এর আগে মাত্র দুবার সিরি-এ শিরোপা জয় করে নাপোলি। ১৯৮৭ ও ১৯৯০ সালে নেপলস শহরে লিগ শিরোপা জয়ের উৎসব হয়েছে। দুবারই তাদের শিরোপার রূপকার ছিলেন আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনা, যিনি গত বছর মারা গেছেন। ৩৩ বছর পর নেপলসে শিরোপা যাচ্ছে।
আজ ৩২তম রাউন্ডে নাপোলির শিরোপা নিশ্চিত হলে রেকর্ড গড়বে দলটি। অতীতে কোনো দল ছয় ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা জিততে পারেনি।
জার্মানিতে ডর্টমুন্ড-বায়ার্ন জমাট লড়াই
১৮ দলের জার্মান বুন্দেসলিগায় আর পাঁচ ম্যাচ পরই শিরোপা নির্ধারণ। দারুণ জমে উঠেছে শিরোপার লড়াই। শীর্ষ দুই দলের মধ্যে ছিল মাত্র ১ পয়েন্টের ব্যবধান! শুক্রবার রাতে বোখামের সঙ্গে ড্র করে লিড বাড়ানোর সুযোগ হারায় ডর্টমুন্ড। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নম্বরে ডর্টমুন্ড, ২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন মিউনিখ। এরপর ইউনিয়ন বার্লিন (৫৫), ফ্রেইবুর্গ (৫৩) ও আরবি লিপজিগ (৫১)। আজ বায়ার্ন খেলবে হার্থা বার্লিনের বিপক্ষে।
১১তম ফ্রেঞ্চ লিগ শিরোপা দেখছে পিএসজি
রেকর্ড ১১তম ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপার কাছাকাছি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ৭২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পের দল। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। আজ পিএসজি ঘরের মাঠে খেলবে লরাঁর বিপক্ষে, আর মার্সেই নিজেদের মাঠে আতিথ্য দেবে অজিরেকে। লঁস ৬৬ পয়েন্ট নিয়ে তিনে, মোনাকো ৬১ পয়েন্ট নিয়ে চারে ও লিল ৫৬ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে।










