সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ইতিহাসগড়া নারী ফুটবল দল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পৌঁছেছে। আজ বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বাফুফে ভবনে পৌঁছানোর পর বাঘিনীদের ফুল দিয়ে অভিনন্দন জানান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।

এদিন ফুটবলাররা দেশে ফেরেন দুপুর ১টা ৪৫ মিনিটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে কর্মকর্তারা। সাফজয়ীদের কেক কেটে খাওয়ান ক্রীড়া প্রতিমন্ত্রী। পাশাপাশি ফুল দিয়ে বরণও করে নেয়া হয়। এসময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অধিনায়ক সাবিনা খাতুন, কোচ গোলাম রব্বানী ছোটন ও সানজিদা আক্তার। সাবিনা খাতুন ট্রফি উঁচিয়ে বলেন, এ ট্রফি বাংলাদেশের সকল মানুষের।

পরে সাফজয়ীদের নিয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে ছাদখোলা বাসের শোভাযাত্রাটি শুরু হয়। তাদের ঘিরে রাখেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাস্তার দুই পাশে সাফজয়ীদের দেখে জনগণ হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। এসময় বাঘিনীদের হাতে পতপত করে উড়ছে লাল-সবুজের পতাকা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে বাংলাদেশের এ স্বর্ণকন্যাদের শুভেচ্ছা জানায় হাজার হাজার মানুষ। জনতা ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে হিমালয় জয় করা ফুটবলারদের স্বাগত জানান। মেয়েরাও এ আবেগ ও ভালোবাসার জবাব দিয়েছেন হাত নেড়ে। এ এক চোখ জুড়ানো দৃশ্য।

এ দিন বাসটি বিমানবন্দর থেকে কাকলী-বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যায়। তারপর বিজয় সরণি, তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসে। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ। তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে পৌঁছায় বাফুফে ভবনে। সেখানে বাফুফে সভাপতি ও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন তাদের সংবর্ধনা দেন।