আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তিন হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। আজ বুধবার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে রবিন রাউন্ডের ম্যাচে ভারতকে চার উইকেটে পরাজিত করেছে ইংল্যান্ড নারী ক্রিকেট দল। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে চার্লি ডিনের অফ-স্পিনের ছোবলে একের পর এক নীল হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ৩৬.২ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় মিতালি রাজবাহিনী। ৮.২ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেন ডিন। জবাবে ৩১.২ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা (১৩৬/৬)। ৫৩ রানের হার না মানা ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক হিদার নাইট।
তবে ১৩৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় স্কোরে ৪ রান জমা হতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার ট্যামি বিউমন্ট ও ড্যানি ওয়াট। দু’জনই ব্যক্তিগত ১ রানে ফেরেন। এরপর তৃতীয় উইকেটে নাইট ও ন্যাট স্কিভারের ৬৫ রানের জুটিতে সে চাপ কাটিয়ে ওঠে ইংল্যান্ড। স্কিভার ব্যক্তিগত ৪৫ রানে পূজা বাস্ত্রকারের শিকার হলে এ জুটি ভাঙে। পরে অ্যামি জোনসের ১০, সোফিয়া ডাঙ্কলের ১৭ রানে জয়ের কাছাকাছি পৌঁছে যায় ইংল্যান্ড। সোফি একলেস্টোনকে সঙ্গে নিয়ে বাকি কাজ সারেন নাইট। একলেস্টোন অপরাজিত থাকেন ৫ রানে। ৭২ বলে আটটি চারের বাউন্ডারিতে ৫৩ রান করেন নাইট।
এর আগে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। কিন্তু ব্যাটিংয়ে নেমে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি ভারতের ব্যাটাররা। সাত ব্যাটার দুই অঙ্কের ঘরেও যেতে পারেননি। ওপেনার স্মৃতি মান্ধানার ৩৫, হারমানপ্রীত কৌরের ১৪, রিচা ঘোষের ৩৩ ও ঝুলান গোস্বামীর ২০ রানে ভর করে ১৩৪ করে ভারত। ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ বোলার চার্লি ডিন।
এ জয়ে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের পাশে যুক্ত হলো ২ পয়েন্ট। টেবিলে তাদের অবস্থান ষষ্ঠ। ৪ ম্যাচে দুই জয় ও দুই হারে ৪ পয়েন্টে তিনে ভারত। সমান ম্যাচ সবকটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।










