ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। এ ম্যাচের আগে আলোচনায় চেলসির কোচ বিদায়ের ঘটনা। ইতালীয় এনজো মারেস্কোকে বিদায় দেয়ার পর এখন নতুন কোচ খুঁজতে হবে লন্ডন জায়ান্টদের। আপাতত সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ইংলিশ কোচ লিয়াম রোজেনিয়ার।
১৮ মাস আগে হাল সিটি বরখাস্ত করেছিল রোজেনিয়ারকে। এর পর থেকে ফরাসি লিগ ওয়ানের দল স্ট্রসবুর্গে ভালো করছেন তিনি। স্ট্রসবুর্গ আবার চেলসির মালিকপক্ষের ব্লুকো গ্রুপের অংশ। কাজেই এ যোগসূত্র কাজে লাগিয়ে লন্ডনে ফিরতে পারেন রোজেনিয়ার।
মারেস্কো ভালোই করছিলেন। শুরুর দিকেই তিনি চেলসিকে ক্লাব বিশ্বকাপ শিরোপা এনে দেন, তা-ও বর্তমান ইউরোপসেরা দল পিএসজিকে হারিয়ে। যদিও সম্প্রতি চেলসির খারাপ ফর্ম আর ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে তাকে স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়তে হয়।
৪১ বছর বয়সী রোজেনিয়ার নিয়োগ পাবেন কিনা সেটি সময়ই বলে দেবে। চেলসির সর্বশেষ পাঁচ কোচের চারজনই চ্যাম্পিয়নশিপের ক্লাব থেকে এসেছেন।
নিসের বিপক্ষে ম্যাচে আগে স্ট্রসবুর্গের নিয়মিত সংবাদ সম্মেলনে চেলসি প্রসঙ্গে প্রশ্ন উঠলে রোজেনিয়ার বলেন, ‘আমি নিস সম্পর্কে কথা বলতে যাচ্ছি, কারণ এটাই আমার কাজ। অনেক গুঞ্জন, অনেক ফিসফাস, কিন্তু একজন কোচ হিসেবে আপনি এর সঙ্গে যুক্ত হলেই হেরে যাবেন। জানি না এখানে কতদিন থাকব, তবে এখানে প্রতিটি দিন আমি উপভোগ করছি। ক্লাবটিকে ভালোবাসি, তবে কোনো কিছুরই নিশ্চয়তা দিতে পারি না, সেটা কেউই পারে না। আমি হয়তো বললাম, এখানে বহু বছর থাকতে চাই, এরপর হয়তো বরখাস্ত হলাম।’
চেলসির সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলোচনা হয়েছে, কারণ আমরা তো একই গ্রুপের অধীনে।’
১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছিল ম্যানসিটি, আর সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচে চেলসি।










