১৫ অক্টোবর দিল্লিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে হইচই ফেলে দেয় আফগানিস্তান। র্যাংকিং
আর অবস্থান বিচারে সেটা বিরাট অঘটনই। ২৩ অক্টোবর চেন্নাইয়ে প্রথমবারের মতো পাকিস্তানকে
হারানোর কৃতিত্ব দেখায় হাশমতুল্লাহ শহিদির দল। আফগান রূপকথা সেখানেই শেষ নয়। আজ
সোমবার তারা দাপটে হারাল শ্রীলংকাকে। পুনেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ৭ উইকেটে
হারানোর কৃতিত্ব দেখায় আফগানরা। অর্থ্যাৎ চলতি আসরে এরই মধ্যে তিন বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোর গৌরব অর্জন করল
যুদ্ধবিধ্বস্ত দেশটি, যারা কিনা কখনই নিজেদের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ
পায়নি!
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে যায়
শ্রীলংকা। ২৪২ রান তাড়া করতে নেমে আজমতুল্লাহ ওমরজাই (৬৩ বলে ৭৩*), রহমত শাহ (৭৪
বলে ৬২) ও শহিদির (৭৪ বলে ৫৮*) দাপুটে ফিফটিতে ২৮ বল হাতে রেখে জয় তুলে নেয়
আফগানরা।
এটা চলতি বিশ্বকাপে আফগানিস্তানের তৃতীয় জয়, যারা আগের দুই আসরে ১৫
ম্যাচ খেলে মাত্র একটিতে জিততে সমর্থ হয়।
ধর্মশালায় বাংলাদেশের কাছে হেরে নিজেদের তৃতীয় আসর শুরু করা আফগানিস্তান
স্বাগতিক ভারতের কাছে লড়ে হেরে গেলেও পরের ম্যাচে হারায় ইংল্যান্ডকে। এরপর
নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়। তাতে মুষড়ে না পড়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে
দ্রুতই জয়ে ফেরে দলটি। এবার তৃতীয় জয় তুলে নিয়ে তারা সেমিফাইনালের সম্ভাবনাও
জাগাল।
৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে যাওয়া আফগানিস্তান পরের ম্যাচ
খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩ নভেম্বর লক্ষ্ণৌতে আফগান-ডাচ লড়াই। সমান পয়েন্ট নিয়ে
টেবিলের ছয়ে শ্রীলংকা (৪ পয়েন্ট)। পাকিস্তান ও নেদারল্যান্ডসের ঝুলিতেও ৪ পয়েন্ট।
রাতের শিশিরের কথা মাথায় রেখে পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন
আফগানিস্তান অধিনায়ক শহিদি। তার সিদ্ধান্তটি কার্যকর প্রমাণিত হলো।
আগে ব্যাটিংয়ে নেমে পেসম্যান ফজলহক ফারুকির আঘাতে ২২ রানের মাথায়
শ্রীলংকা হারায় কুশল পেরেরার জায়গায় আসা দিমুথ করুনারত্নেকে। এরপর কুশল মেন্ডিসকে
নিয়ে ৬২ রানের জুটি গড়া পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফিরিয়ে ডেডলক ভাঙেন ঢাকার লিগে
নিয়মিত মুখ ওমরজাই। ৫০ রানের জুটি গড়ে দলকে টানতে থাকা কুশল ও সাদিরা
সামারাবিক্রমাকে অল্প ব্যবধানে আউট করেন স্পিনার মুজিব-উর-রহমান। দলের সংগ্রহ
দাঁড়ায় ১৩৯/৪। একটি পর্যায়ে ১৮৫ রান ৭ উইকেটের পতন ঘটে সিংহলিজদের। সেখান থেকে টেলএন্ডের
লড়াইয়ে ২৪১ রান তুলতে সমর্থ হয় মেন্ডিসের দল। তবে এ রান দিয়ে উজ্জীবিত আফগানদের
মোটেও পরীক্ষার মুখে ফেলতে পারেনি শ্রীলংকার বোলিং বিভাগ।
চলতি বিশ্বকাপে প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলবে। গতকাল প্রত্যেক দলের
৬টি করে ম্যাচ খেলা শেষ হলো। মঙ্গলবার নিজেদের সপ্তম ম্যাচ খেলবে বাংলাদেশ ও
পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ৪৯.৩ ওভারে ২৪১ (পাথুম ৪৬, কুশল ৩৯, সাদিরা ৩৬; ফারুকি
৪/৩৪, মুজিব ২/৩৮, ওমরজাই ১/৩৭, রশিদ ১/৫০)। আফগানিস্তান: ৪৫.২ ওভারে ২৪২/৩
(ওমরজাই ৭৩*, রহমত ৬২, শহিদি ৫৮*; দিলশান মাদুশঙ্কা ২/৪৮)। ফল: আফগানিস্তান ৭
উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ফজলহক ফারুকি (আফগানিস্তান)।










