পূর্ব ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রস টেলর। নিউজিল্যান্ডের তারকা ব্যাটার জানুয়ারিতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। আজ (সোমবার) নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছেন নিজের ক্যারিয়ারের শেষ ওয়ানডে। এ ম্যাচ দিয়েই সব ধরণের ক্রিকেটকে বিদায় বললেন টেলর। তার বিদায়ী ম্যাচে ডাচদের বিপক্ষে ১১৫ রানের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড।



টেলর অবশ্য শেষ ইনিংসটি বড় করতে পারেননি। ক্যারিয়ারের শেষ ইনিংসে করেছেন ১৪ রান। ৩৯তম ওভারে তিনি মাঠে নামার সময় দর্শকদের করতালিতে মুখরিত হয় হ্যামিল্টনের সেডন পার্ক। ১৬ বল মোকাবেলায় ১ ছক্কায় ১৪ রান করে কট অ্যান্ড বোল্ড হন লোগান ফন বিকের বলে। মাঠে নামার আগে কাঁদলেও ১৪ রান করে মাঠ ছাড়ার সময় মুখে হাসি লেগে ছিল টেলরের।


আগে ব্যাটিং করে মার্টিন গাপটিল (১০৬) ও উইল ইয়ংয়ের (১২০) সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৩৩ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে ৪২.২ ওভারে ২১৮ রানে অলআউট সফরকারীরা।


তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের জার্সি গায়ে টেলর খেলেছেন ৪৫০ ম্যাচ। নামের পাশে জমা করেছেন ১৮ হাজার ১৯৯ রান। ডাচদের বিপক্ষে শেষ ওয়ানডেতে জাতীয় সঙ্গীতের সময় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে মাঠে নামেন টেলর। জাতীয় সঙ্গীতের সময় কেঁদে ওঠেন তিনি। ‘গার্ড অব অনার’ দেন নেদারল্যান্ডস ক্রিকেট দলও।


২০০৬ সালে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন টেলর। ১৬ বছরের ক্যারিয়ারের টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে হয়েছেন নিউজিল্যান্ডের সর্বাধিক রান সংগ্রাহক। ১১২ টেস্টে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরিতে করেছেন ৭ হাজার ৬৮৩ রান। সর্বোচ্চ ইনিংস ২৯০ রানের।


২৩৬ ওয়ানডেতে রান করেছেন ৮ হাজার ৬০৭। সেঞ্চুরি ২১টি আর হাফ সেঞ্চুরি ৫১টি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৮১ রানের। ১০২ টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে চতুর্থ সর্বোচ্চ ১ হাজার ৯০৯ রান করেছেন তিনি।