বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের হেড কোচ ডেভিড হেম্পকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া নিউজিল্যান্ড জাতীয় দলের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামকে বোলিং কোচ নিয়োগ করা হয়েছে। দুজনের সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি হয়েছে। শ্রীলংকার বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়েই তাদের নতুন অধ্যায়ের সূচনা হবে।

 

৫৩ বছর বয়সী হেম্প অবশ্য এর আগেও বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালের মে থেকে এইচপির হেড কোচের দায়িত্ব পালন করে চলা হেম্প গত বছর শেষ দিকে নিউজিল্যান্ড সফরের সময় জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন।

 

ইসিবির লেভেল-৪ কোচিং সার্টিফিকেটধারী হেম্প গ্লামারগন, ফ্রি স্টেট, ওয়ারউইকশায়ারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৫ হাজারেরও বেশি রান করেছেন। তিনি বারমুডার হয়ে ২৪টি ওয়ানডে খেলেছেন।

 

পাকিস্তান জাতীয় দলের হেড কোচ হিসেবে ২০২০ থেকে ২০২২ পর্যন্ত দায়িত্ব পালন করেন হেম্প। এছাড়া ভিক্টোরিয়া রাজ্য নারী দল ও নারী বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের কোচ ছিলেন তিনি।

 

তিন ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে ৪৭টি ম্যাচ খেলা অ্যাডামস বাংলাদেশে নিয়োগ পাওয়ার আগে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে তিনি ব্ল্যাক ক্যাপসদের বোলিং কোচ ছিলেন। ২০২২-২৩ সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ।

 

এছাড়া অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস দলের বোলিং কোচের ভূমিকায়ও ছিলেন ৪৮ বছর বয়সী অ্যাডামস।