তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সুযোগ বাংলাদেশের সামনে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বেলা দেড়টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ১-০তে এগিয়ে থাকা স্বাগতিক দলটি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে পারে আজ।

প্রথম ম্যাচে ২০৭ রানের পুঁজি নিয়েও ৭৪ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার চারদিনের ব্যবধানে মাঠে নেমেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যদিও ব্যাটিং দিয়ে নয়, বোলিংয়ে ভর করেই জিতেছে টাইগাররা। এ সাফল্যের নায়ক স্পিনার রিশাদ হোসেন। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট (৬/৩৫) নিয়ে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় এনে দেন তিনি।

প্রথম ম্যাচে দুই দলের স্পিনাররা মিলে নেন ১২ উইকেট। উইকেটের বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে দুই দলই স্পিনে শক্তি বাড়িয়েছে। বাংলাদেশ দলে ভিড়িয়েছে বামহাতি স্পিনার নাসুম আহমেদকে, আর ওয়েস্ট ইন্ডিজ ডেকেছে বামহাতি স্পিনার ও অলরউন্ডার আকিল হোসেনকে। ক্যারিবীয়রা ডেকেছে ব্যাটার র‍্যামন সাইমন্ডসকেও।

এদিকে ওয়ানডে সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলার সুযোগ এসেছে বাংলাদেশের। এখন পর্যন্ত ১২টি ওয়ানডে সিরিজ খেলে উভয় দল সমান ছয়বার করে জিতেছে।