অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির সঙ্গে সর্বশেষ ২০ বারের মুখোমুখিতে মাত্র একবার হেরেছে লিভারপুল। তারা জিতেছে ১৩টি, ড্র হয়েছে ৬টি। লিভারপুলের এ দুর্গখ্যাত অ্যানফিল্ডে আজ প্রিমিয়ার লিগ ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। হাইভোল্টেজ এ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে। 

তবে এ পরিসংখ্যান আর রেকর্ড সিটির সামনে বাধা নাও হতে পারে। কেননা আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনদের সিটি রয়েছে দুর্দান্ত ফর্মে। তারা টানা ১০টি অ্যাওয়ে ম্যাচ জয়ের লক্ষ্যে খেলতে নামবে। সব ধরনের প্রতিযোগিতায় এ নিয়ে তৃতীয়বার টানা ১০ ম্যাচ জয়ের কীর্তির সামনে পেপ গার্দিওলা। আবার অ্যানফিল্ডে সিটির সঙ্গে সর্বশেষ আট দ্বৈরথের মধ্যে রেডরা জিতেছে একটি। গত মৌসুমে তারা সিটিজেনদের হারায় ১-০ গোলে। 

লিগেও ঈর্ষণীয় ফর্মে রয়েছে সিটি। সর্বশেষ ১২ ম্যাচে তারা অপরাজিত, এর মধ্যে জয় এসেছে ১০টি। রেডরা লিগে সর্বশেষ ৯ ম্যাচের মধ্যে ৮টি জিতেছে। গত ৪ ফেব্রুয়ারি আর্সেনালের কাছে ১-৩ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লোপের কাছে। চলতি মৌসুমে হারের মুখ থেকে ফিরে এসে শেষ পর্যন্ত জিতেছে, যা থেকে তাদের এসেছে ২২ পয়েন্ট, যা সিটির চেয়ে এক পয়েন্ট বেশি। 

আজকের ম্যাচের ফল চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা নির্ধারণ করে দিতে পারে অনেকটাই। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে অবস্থান করছে ম্যানসিটি। আর্সেনালও শিরোপার রেসে আছে ভালোভাবেই। তাদের পয়েন্ট ৬১। এবার শিরোপার ত্রিমুখী লড়াই চলছে। তাই আজ যদি ম্যাচটি ড্র হয় তবে লাভবান হবে আর্সেনাল। 

চলতি মৌসুম শেষে লিভারপুল ছেড়ে যাবে ইয়ুর্গেন ক্লোপ। তাই এটি ক্লোপ ও গার্দিওলার শেষ প্রিমিয়ার লিগ লড়াই। এ ডুয়েল নিয়ে ক্লোপ বলেন, ‘আমি যখনই পেপের মুখোমুখি হয়েছি একটা উৎকর্ষ দেখেছি। বিশেষ করে তিনি যেভাবে ফুটবলের ওপর প্রভাব রাখেন ও যতসংখ্যক শিরোপা জিতেছেন, যা অভূতপূর্ব। কিন্তু আপনি যখন তার সঙ্গে টাচলাইনে কথা বলবেন, মনে হতে পারে তিনি আগে কখনই কিছু জেতেননি। তার জয়ের আকাঙ্ক্ষা সত্যিই অবিশ্বাস্য। আমার জীবনে দেখা অসাধারণ এক ম্যানেজার তিনি।’