ঈদুল ফিতর উপলক্ষে যেখানে সারা দেশ উৎসবে মেতেছে, সেদিনই
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা গেল ক্রিকেট ব্যাট হাতে।
গ্রামের বাড়ি মাগুরাতে অবস্থান করছেন সাকিব। বাড়ির আত্মীয়-স্বজন
ও বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন করতে দেখা গেল তাকে। তবে এ উদযাপনে ছাড়েননি নিজের চিরচেনা
লুক। তাই তো ঈদের দিনও ব্যাট হাতে নেমে পড়লেন। তবে স্টেডিয়ামের বাইশ গজের মাঠে নয়,
খেললেন বাগানে।
সকালে বাবা মাশরুর রেজাকে নিয়ে মাগুরা শহরের নোমানী ময়দানে
ঈদের নামাজ আদায় করেন সাকিব। নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এরপর বন্ধুদের সঙ্গে মাগুরায় ঘুড়ে বেড়ান সাকিব। সেখানেই
নির্জন খোলা জায়গায় সারি সারি গাছের মাঝে স্থানীয় কিছু ছেলেরা টেপ-টেনিস বলে ক্রিকেট
খেলছিল। সেটি দেখে আর লোভ সামলাতে পারেননি সাকিব। ব্যাট হাতে নেমে যান তিনি। অল্প কিছুক্ষণ
ব্যাটিংও করেন তিনি। ঈদের দিনটা বেশ ভালোভাবেই উপভোগ করছেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা
জানিয়েছেন সাকিব।
তিনি লিখেছেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার
প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ
এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’










