পাওয়ারের ঘাটতিই বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য গড়ে দিচ্ছে বলে মনে করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নিক পোথাস। তিনি বলেন, পাওয়ার ছাড়া প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়। টোয়েন্টি ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা গড়তে হলে পাওয়ার প্রয়োজন, পুরো বিশ্বে এটাই চলছে।

নিক পোথাস বলেন, ‘বড় দলগুলো কোথায় আছে আর আমরা কোথায় আছি এটা খুঁজে বের করতে হবে। বের করতে হবে আমাদের কোন ধরনের ক্রিকেটার প্রয়োজন। ২০০৭ সালের পর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে খুব বেশি এগোয়নি বাংলাদেশ। তবে একই জায়গায় আছে এমনটাও মানতে নারাজ পোথাস, ‘২০০৭ সাল থেকে এখন পর্যন্ত কোন কোন বিষয় বদলে গেল এটা খুঁজে বের করতে হবে। ২০০৭ সালে বাংলাদেশ যা করেছে এখনও তা করে থাকলে ব্যাপারটায় চমকে যাওয়ার কিছু নেই। এমন নয় যে তারা সামনে এগোয়নি। অন্যান্য দল হয়ত আরও অনেক বেশি এগিয়েছে এ কারণে বড় পার্থক্য তৈরি হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা গড়তে হলে পাওয়ার প্রয়োজন, পুরো বিশ্বে এটাই চলছে।'

ভারত দলের প্রসঙ্গ টেনে পোথাস ব্যাখ্যা দিলেন, ‘ভারতীয় দলে দেখুন, রিশভ পান্টের উইকেটে সেট হতে ১০ বল খেলতে হচ্ছে। শুরুতে সে খুবই শান্ত ছিল। হার্দিক ও দুবেও ঠিক একই কাজ করেছে। কারণ এখানে খেলাটা পাওয়ারের। দিনশেষে তারা কিন্তু বড় বড় ছক্কা হাঁকিয়েছে। শক্তিই আসল জিনিস টি-টোয়েন্টি ক্রিকেটে। আপনার হাতে শক্তি থাকলে আপনি শান্ত থেকেই খেলতে পারবেন।’ 

পোথাস অবশ্য পাওয়ার হিটিংয়ে জোর দেয়ার কথা বললেন, ‘জেনেটিক্যালি পাওয়ার আপনি পাবেন না। তাই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা দেখেছি রিশাদের ব্যাটিং। নিউজিল্যান্ড সিরিজ থেকে এখন পর্যন্ত সে খুব দ্রুত অনেক উন্নতি করেছে। তবে পাওয়ার তৈরি করতে সময় লাগবে। আপনাকে শক্তিশালী হতে হবে। ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার খুঁজতে হয় না। তাদের খেলোয়াড়রা জন্মগতভাবেই শক্তিশালী। আমাদের তা নেই, তাই ভিন্নভাবে এটা অর্জন করতে হবে।'