আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিটাই শেষ ওয়ানডে মিশন হয়ে থাকল মুশফিকুর রহিমের। দেশে ফেরার পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর আগে টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন তিনি। অবসর ঘোষণার পরদিন আজ বৃহস্পতিবার ‘অসাধারণ ওয়ানডে ক্যারিয়ারে’র জন্য মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিসিবি।

479487075_1091395452998954_3976837774764710618_n

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়: ‘প্রায় দুই দশকের লম্বা ক্যারিয়ারের ইতি টেনে অবসর ঘোষণার পর ওয়ানডে ক্রিকেটে দেশকে অবিশ্বাস্য সেবা দেয়ায় মুশফিকুর রহিমের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। ওয়ানডে ক্রিকেটে তিনি অনন্য নিষ্ঠা, নিবেদন, পেশাদারত্ব প্রতিষ্ঠা করেছেন। ব্যাট হাতে ও উইকেটের পেছনে তার পারফরম্যান্স এই ফরম্যাটে দেশের সাফল্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।’

বিদায়ী বার্তায় মুশফিকের ভূয়সী প্রশংসা করে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেছেন, ‘মুশফিকের কর্মনীতি আর দৃঢ়চেতা মানসিকতা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যা প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। ওয়ানডেতে বাংলাদেশের সেরা মুহূর্তগুলোর প্রসঙ্গ উঠলেই সেখানে জ্বলজ্বল করবে মুশফিকের নাম। এই ফরম্যাটে ১৯ বছর খেলাটা বিরাট এক সাফল্য। এটা তার অবিশ্বাস্য ঈর্ষণীয় ধারাবাহিকতার কথা বলে দেয়। আমি মনে করি, এখনো ক্রিকেটে অনেক কিছু দেয়ার আছে তার। মাঠে ও মাঠের বাইরে তিনি ছাপ ফেলে যাবেন, এই প্রত্যাশা করি।’