লখনৌতে আজ বিশ্বকাপ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং
নিয়েছে নেদারল্যান্ডস। সর্বশেষ ম্যাচে বাংলাদেশকে হারানো ডাচরা আজও জিততে আত্মবিশ্বাসী।
দলটির অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, বোর্ডে ভালো রান তুলতে চান তারা।
চলতি ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়েছে আফগানিস্তান।
তারা ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়েছে। অন্যদিকে, নেদারল্যান্ডসও
দক্ষিণ আফ্রিকার মতো তারকাখচিত দলকে হারায়। এরপর তারা বাংলাদেশকেও হারের স্বাদ
দেয়। আফগানিস্তান তিনটি ও নেদারল্যান্ডস দুটি জয় নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে
রেখেছে।
সেমিফাইনালের চারটি টিকিটের জন্য এগিয়ে আছে ভারত, দক্ষিণ আফ্রিকা,
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ এরই মধ্যে বিদায় নিয়েছে। বর্তমান বিশ্ব
চ্যাম্পিয়ন ইংল্যান্ডও কার্যত বিদায় নিয়েছে। তবে এখনো আশা আছে পাকিস্তান (৬),
আফগানিস্তান (৬) শ্রীলংকা (৪) ও নেদারল্যান্ডসের (৪)। এদের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান
খানিকটা এগিয়ে আছে।
আফগনারা আজ জিতেলেই ৮ পয়েন্ট নিয়ে ধরে ফেলবে অস্ট্রেলিয়া ও
নিউজিল্যান্ডকে। তখন তাদের সেমিফাইনালের সম্ভাবনা বাড়বে। চার জয় নিয়ে তখন
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের হারের প্রার্থনা করবে আফগানরা। আর ডাচদের শেষ চারের
স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি সব ম্যাচই জিততে হবে। এরপর তারা খেলবে ইংল্যান্ড ও
ভারতের সঙ্গে।
ওয়ানডেতে নয়বারের মোকাবেলায় আফগানিস্তান সাতটিতে ও নেদারল্যান্ডস
দুটিতে জিতেছে। বিশ্বকাপে আজই প্রথম মুখোমুখি হবে দল দুটি।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান,
সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিডি, সাকিব জুলফিকার, লোগান
ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ফন মিকিরেন।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ,
হাশমতউল্লাহ শহিদি, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, রশিদ খান,
মুজিব-উর-রহমান, নূর আহমাদ ও ফজলহক ফারুকি।










