ফর্মহীনতায় লিটন কুমার
দাসের ছিটকে যাওয়ার পর এবার বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডে আরেক পরিবর্তন। দ্বিতীয় ওয়ানডে
ম্যাচে চোট পেয়েছেন পেস বোলার তানজিম হাসান সাকিব। ফলে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন
তিনি। ডানহাতি এই পেসারের জায়গায় ডাক পেয়েছেন আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদ। আগামীকাল
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ
অনুষ্ঠিত হবে।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
(বিসিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন,
‘তানজিম তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা ও অস্বস্তি অনুভব করছে। আজ অনুশীলনে সে ভালো
বোধ করেনি এবং আগামীকালের ম্যাচের জন্য ফিট হয়ে উঠছে না।’
হাসান মাহমুদ ঢাকা প্রিমিয়ার
ডিভিশন ক্রিকেট লিগ খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। তিনি আজ সাভারের বিকেএসপিতে
সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলেছেন। এই ম্যাচ খেলেই তিনি চট্টগ্রামের বিমান ধরবেন।










