নারী ওয়ানডে বিশ্বকাপে সপ্তমবারের মতো ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে আজ ভোরে প্রথম সেমিফাইনালে ১৫৭ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ছয়বারের চ্যাম্পিয়নরা। আগামীকাল ক্রাইস্টচার্চে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

 

অজিরা আগে ব্যাটিং করে ৩ উইকেটে ৩০৫ রানের সৌধ গড়ে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৪৮ রানে গুটিয়ে যায়।

 

অ্যালিসা হিলি ও রাচায়েল হাইনেসের রেকর্ড ২১৬ রানের জুটির পরই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাছাড়া ক্যারিবিয়ান ফিল্ডাররা উদারহস্তে ক্যাচ ছেড়েছেন এ দুজনের, পরে তাদের ব্যাটেই কচুকাটা হতে হয়েছে। হিলি ১০৭ বলে ১৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ১২৯ রানের ইনিংস খেলেন, আর হাইনেস ১০০ বলে ৮৫ রান করেন ৯ বাউন্ডারির সাহায্যে। এছাড়া বেথ মুনি ৩১ বলে ৪৩ ও অধিনায়ক মেগ ল্যানিং ২৬ বলে ২৬ রান করেন।

 

এরপর অস্ট্রেলিয়ার পুরো বোলিং ব্রিগেড কর্তৃত্ব করে ক্যারিবিয়ানদের ওপর। ৬ বোলার নিয়েছেন ৭ উইকেট, একজন হয়েছেন রানআউট, আর দুজন অ্যাবসেন্ট হার্ট। ক্যারিবিয়ান অধিনায়ক স্টেফানি টেলর সর্বোচ্চ ৪৮ রান করেন।

 

শিরোপার ম্যাচে কাকে পাচ্ছে অস্ট্রেলিয়া তা নির্ধারণ হয়ে যাবে কালই। ইংল্যান্ড বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, আর প্রোটিয়া নারীরা কখনই ফাইনাল খেলেনি। 

 

বিশ্বকাপে আগের ১১ আসরের মধ্যে দশবারই শিরোপা ভাগাভাগি করেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।