ভারতের কাছে নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানের বড় ব্যবধানে হারল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৭৭ রান তোলা অজিরা গতকাল তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে গেছে। অন্যদিকে, লোয়ার অর্ডারের লড়াইয়ে ভারত প্রথম ইনিংসে ৪০০ রান তুলতে সমর্থ হয়।
ভারতের ঘূর্ণি বোলিংয়ের মুখে দ্বিতীয় ইনিংসে এক সেশনের মধ্যেই ১০ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ৫ উইকেট শিকার করেন রবিচন্দ্র অশ্বিন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজা, এবার অশ্বিন। ম্যাচে অশ্বিন নিলেন ৮ উইকেট, আর জাদেজা ৭টি। মূলত ভারতের ঘূর্ণির সামনেই অসহায় আত্মসমর্পণ করল অজিরা। এ দুজন ১৫ উইকেট, আর অক্ষর প্যাটেল একটি উইকেট নেন। দুই পেসার মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ নেন চারটি উইকেট।
রোহিত শর্মা ১২০ রানের লড়াকু ইনিংস খেললেও ১৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে ভারত। সেখান থেকে জাদেজা (৭০) ও অক্ষর প্যাটেলের (৮৪) ব্যাটে ভর করে ৪০০ রান পেয়ে যায় স্বাগতিকরা। এরপর বিশাল রানে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসেও পড়ে বিপর্যয়ের মুখে।
১৭ ফেব্রুয়ারি দিল্লিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।










