আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে মাত্র তিনদিনের মধ্যে ইনিংস ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে ২৮৬ রানে পিছিয়ে পড়া ক্যারিবীয়রা গতকাল তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রানে গুটিয়ে গেছে। তাতে ইনিংস ও ১৪০ রানের বিশাল জয় পেয়েছে শুবমন গিলের দল।

ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট করে দেয়ার পর ৫ উইকেটে ৪৪৮ রান তুলে শুক্রবার দ্বিতীয় দিন ইনিংস ঘোষণা করে ভারত। ধ্রুব জুরেল ১২৫, রবীন্দ্র জাদেজা হার না মানা ১০৪ ও লোকেশ রাহুল ১০০ রান করেন। অধিনায়ক গিল করেন ৫০ রান। এরপর ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪৫.১ ওভারের মধ্যে গুটিয়ে যায়। স্পিনত্রয়ী জাদেজা (৪/৩১), কুলদীপ যাদব (৩/৫৪) ও অক্ষর প্যাটেল (১/১৮) ভাগাভাগি করেন মোট ৭ উইকেট। পেসম্যান সিরাজ নিয়েছেন ৩১ রানে ৩ উইকেট, যিনি প্রথম ইনিংসে শিকার করেন ৪০ রানে ৪ উইকেট। অলরাউন্ড নৈপুণ্য দেখানো জাদেজা হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। ১০ অক্টোবর দিল্লিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এ মাসেই তিনটি ওয়ানডে ও সমান তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।