মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সবুজ গালিচাটার বেশিরভাগই এখন বিশাল কভারের নিচে ঢাকা পড়ে আছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সারাদিনই বৃষ্টি হচ্ছে। তাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। খেলোয়াড়রাও কেউ মাঠে আসেননি। এভাবেই তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
আবহওয়ার উন্নতি না হওয়ায় দুপুর ২টায় দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। আগামীকাল সবকিছু অনুকূলে থাকলে সকাল সাড়ে ৯টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। যদিও আবহাওয়ার পূর্বাভাস সেই সম্ভাবনায়ও চোখ রাঙাচ্ছে।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টেস্টের প্রথম দিন থেকেই খেলায় বিঘ্ন ঘটছে। টানা বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা অনিশ্চিতই ছিল। সময়মতো খেলা শুরু হচ্ছে না জেনে মাঠেও আসেননি দুই দলের ক্রিকেটাররা। বৈরি আবহাওয়ায় সবাইকে হোটেলেই থাকার পরামর্শ দেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। আবহাওয়া পূর্বাভাস বলছে, আজ সারাদিনই বৃষ্টি হতে পারে।
এর আগে গতকাল দ্বিতীয় দিনে বৃষ্টি ও বাজে আবহাওয়ার বাধা অব্যাহত ছিল। মাত্র ৬.২ ওভার খেলা হওয়ার পরই বিকেল ৩টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা গড়ায় বেলা ১২টা ৫০ মিনিটে। বেলা ১টা ২০ মিনিটে ফের বন্ধ হয় দ্বিতীয় দিনের খেলা। সে পর্যন্ত দুই উইকেট হারিয়ে ৬৩.২ ওভারে পাকিস্তান সংগ্রহ পায় ১৮৮ রান। ব্যাট হাতে বাবর আজম ৭১ রানে ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন। উইকেট দুটি নেন তাইজুল ইসলাম।
প্রথম দিনেও ছিল আবহাওয়ার বিরূপ আচরণ। দ্বিতীয় সেশনে বৃষ্টিতে খেলা বন্ধ ছিল ২৫ মিনিট। আলোর স্বল্পতায় তৃতীয় সেশনের খেলা মাঠেই গড়ায়নি। পরে নির্ধারিত সময়ের আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রথম দিনের খেলা। পরিত্যক্ত হওয়ার আগে ৫৭ ওভার খেলা হয়েছিল।
তিন দিন মিলে মাত্র ৬৩.২ ওভারের খেলা মাঠে গড়ানোয় মিরপুর টেস্টটা ড্রয়ের দিকেই এগোচ্ছে। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টটা জিতে নেয় পাকিস্তান।










