ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে জায়গা করে নিল
লিভারপুল। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ঐতিহাসিক চার শিরোপা জয়ের সম্ভাবনা টিকে থাকল
অল রেডদের।
গত সপ্তাহে প্রিমিয়ার লিগে দুই দলের হাইভোল্টেজ লড়াই ২-২ গোলে ড্র হয়।
সেটি ছিল ধ্রুপদী এক লড়াই। যদিও আজকের ম্যাচটি ছিল বড্ড একপেশে। ম্যাচের ৪৫
মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর আর জয় নিয়ে ভাবতে হয়নি ইয়ুর্গেন ক্লোপের
শিষ্যদের। শেষ দিকে সিটিজেনরা খানিকটা ঝাঁকুনি দিলেও তাতে টলেনি অল রেডরা। শেষ
পর্যন্ত ফাইনালের টিকিট নিয়েই মাঠ ছাড়ে তারা।
৯ মিনিটে ইব্রাহিমা কোনাতের গোলে লিড নেয় লিভারপুল। ১৭ মিনিটে ব্যবধান
২-০ করেন সাদিও সেনেগালিজ ফরোয়ার্ড মানে। ৪৫ মিনিটে মানে আরেক গোল করলে সিটির
ফেরার আশা প্রায়ই শেষ হয়ে যায়।
তবু লড়াইয়ে ফেরে পেপ গার্দিওলার দল। ৪৭ মিনিটে জ্যাক গ্রিয়ালিশ গোল করে
ব্যবধান ১-৩ করেন। আর যোগ করা সময়ে বেনার্দা সিলভা আরেকটি গোল করে চিন্তায় ফেলে
দিয়েছিলেন অল রেডদের। যদিও স্নায়ু ধরে রেখে শেষ অবধি জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
আগামীকাল রোববার ওয়েম্বলিতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও
ক্রিস্টাল প্যালেস। এ ম্যাচের বিজয়ী ১৪ মে ফাইনালে মুখোমুখে হবে লিভারপুলের।
এরই মধ্যে চেলসিকে ফাইনালে হারিয়ে কারাবাও কাপের শিরোপা জিতেছে
লিভারপুল। এফএ কাপের ফাইনাল ছাড়াও তারা উঠেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। আর
প্রিমিয়ার লিগে ৩১ রাউন্ড শেষে সিটির চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে শিরোপার রেসে
আছে শক্তভাবে। অর্থ্যাত্ এই চারটি প্রতিযোগিতায়ই শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে ছুটছে
ইয়ুর্গেন ক্লোপের দল।










