মারুফা আক্তার ও সুলতানা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই বেশ বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে অতিথিরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৬৩ রান। বেথ মুনি ২০ ও অ্যাশলি গার্ডনার ৫ রানে অপরাজিত আছেন।
এদিন সুলতানার ঘূর্ণি জাদুতে দ্বিতীয় ওভারের প্রথম বলেই শূন্য রানে ফেরেন অজি ওপেনার ফোবি লিচফিল্ড। অ্যালিসা হিলির সঙ্গে ৬ রানে ভাঙে তার ওপেনিং জুটি। ৬ষ্ঠ ওভারে ২ রানে দারুণ ছন্দে থাকা এলিসা পেরিকেও ফেরান সুলতানা। অপর প্রান্তে দেখে-শুনে রান তুলছিলেন হিলি। তবে থিতু হওয়া অজি অধিনায়ককে ৯ম ওভারে দারুণ এক বলে ফেরান পেসার মারুফা। ২৪ রান করে নিগার সুলতানা জ্যোতিরা কাছে ক্যাচ দিয়ে ফেরেন হিলি। ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি।
তার আগে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলছে দুই দল।










