এএইচএফ কাপ হকির ষষ্ঠ আসরে শুভসূচনা করেছে বাংলাদেশ। আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শুরুটা হয়েছে চ্যাম্পিয়নদের মতোই। শুক্রবার রাতে প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছেন জিমি-শিতুলরা। ‘এ’ গ্রুপে পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।
গোবিনাথান কৃষ্ণমূর্তির বাংলাদেশ র্যাংকিংয়ে স্বাগতিকদের চেয়ে বেশ এগিয়ে ছিল। জিমিরা র্যাংকিংয়ে ৩৮তম স্থানে আর ইন্দোনেশিয়ার অবস্থান ৫১। এ ব্যবধান ফুটে উঠল ম্যাচেও। উল্লেখ্য, দুই দল আগে কখনো মুখোমুখি হয়নি।
৫১ র্যাংকিংধারী সিঙ্গাপুরের বিপক্ষেও আগামীকাল ফেভারিট হিসেবে নামবে বাংলাদেশ। শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারায় ইরান (‘বি’ গ্রুপ)।
চীন শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয়ায় এখন ৯ দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট।
জাকার্তার টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে চার দল এবং ‘বি’ গ্রুপে লড়বে পাঁচ দল। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৪ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। এছাড়া ১৫ মার্চ ইরান ও ১৭ মার্চ গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ মার্চ সেমিফাইনাল ও ফাইনাল হবে ২০ মার্চ। এই টুর্নামেন্টের শীর্ষ তিনটি দল সরাসরি খেলবে এশিয়ান কাপে।










