বিশ্বকাপ ম্যাচে হেভিওয়েট নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে চমক দেখাল ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তান। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গতকাল সকালে আগে ব্যাটিংয়ে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ওপেনিং জুটিতে ভর করে ১৫৯ রানের পুঁজি গড়ে আফগানরা। ১৬০ রান তাড়া করতে নেমে আফগান পেস ও স্পিনের যৌথ আক্রমণের মুখে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৮৪ রানের এ জয়কে নিজেদের ইতিহাসে ‘অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে অভিহিত করলেন আফগান দলনায়ক রশিদ খান। 

গুরবাজ ও জাদরান ওপেনিং জুটিতে ৮৭ বলে ১০৩ রান তুলেছেন। জাদরান ৪১ বলে ৪৪ রান করে আউট হয়ে গেলেও গুরবাজ ৫৬ বল খেলে করেছেন ৮০ রান। ১৩ বলে ২২ রান করে দলের সংগ্রহটা ১৫০ পার করতে ভূমিকা রাখেন ঢাকার মাঠে লিগ খেলা আজমতউল্লাহ ওমরজাই। এরপর পেসম্যান ফজলহক ফারুকি (৪/১৭), স্পিনার রশিদ খান (৪/১৭) ও মোহাম্মদ নবির (২/১৬) অনবদ্য বোলিং আফগানিস্তানকে ঐতিহাসিক এক জয় এনে দেয়।

জয় শেষে রশিদ খান অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এটা আমাদের অন্যতম সেরা পারফরম্যান্স এবং টি-টোয়েন্টিতে, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে। এটা দুর্দান্ত একটি দলীয় প্রচেষ্টার ফল। এটা শুধু বোলিংয়ের সফলতা নয়, ব্যাটিংয়েরও। ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ যেভাবে সূচনা করেছে তা অসাধারণ ছিল। শুরু থেকে আট-নয় ওভার পর্যন্ত অনেক ডট বল হলেও তারা কিন্তু উইকেট ছুড়ে দিয়ে আসেনি। আমার মনে হয়, তারা পরিকল্পনা করেই ইনিংসের গভীর পর্যন্ত যেতে চেয়েছেন। আফগানিস্তানের জন্য এ জয়টি অনেক বড় ব্যাপার। আর নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে এমন জয়ে দলকে নেতৃত্ব দেয়াটা আমার জন্য গৌরবের।’

২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট তুলে নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান।  ওয়েস্ট ইন্ডিজ ও উগান্ডার ঝুলিতে সমান ২ পয়েন্ট। পাপুয়া নিউগিনি ও নিউজিল্যান্ড কোনো পয়েন্ট পায়নি। এ মুহূর্তে টেবিলের একেবারে তলানিতে ২০২১ আসরের রানার্সআপ নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর—

আফগানিস্তান: ২০ ওভারে ১৫৯/৬ (গুরবাজ ৮০, জাদরান ৪৪, ওমরজাই ২২; ট্রেন্ট বোল্ট ২/২২, ম্যাট হেনরি ২/৩৭)। নিউজিল্যান্ড: ১৫.২ ওভারে ৭৫ (ফিলিপস ১৮, হেনরি ১২; ফারুকি ৪/১৭, রশিদ ৪/১৭, নবি ২/১৬)। ফল: আফগানিস্তান ৮৪ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।