ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে চারশোর্ধ্ব সংগ্রহ গড়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেছে নিউজিল্যান্ড। টম ল্যাথাম ও রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৪১৭ রান তুলে আজ বৃহস্পতিবার তৃতীয় দিন মাঠ ছাড়ে স্বাগিতকরা। দুই ইনিংস মিলে তাদের লিড ৪৮১ রানের।

ব্যক্তিগত ১৪ রান নিয়ে আজ ব্যাটিং শুরু করা ল্যাথাম আউট হয়েছেন ১৪৫ রান করে। ২৫০ বলে ১২ বাউন্ডারিতে এ রান করেন তিনি। এছাড়া ১৮৫ বলে ১৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন রাচিন। ২৭টি বাউন্ডারি ও ১টি ছক্কা মেরেছেন তিনি। ১৮ টেস্টের ক্যারিয়ারে এটা রাচিনের চতুর্থ সেঞ্চুরি। গত বছর মাউন্ট মঙ্গানুইতে খেলেছেন ক্যারিয়ারসেরা ২৪০ রানের ইনিংস। এছাড়া বাকি দুটি সেঞ্চুরি ১৬৫ ও ১৩২ রানের। ল্যাথাম ও রাচিনের ২৭৯ রানের জুটি নিউজিল্যান্ডকে পৌঁছে দেয় নিরাপদ জায়গায়। উইল ইয়াং ২১ ও মাইকেল ব্রেসওয়েল ৬ রান নিয়ে দিন শেষ করেন।

এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৩১ রানে অলআউট হয়েছে। সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন করেন সর্বোচ্চ ৫২ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ১৬৭ রানে অলআউট করে দেয় কিউইরা। জ্যাকব ডাফি ৫টি, ম্যাট হেনরি ৩টি ও জ্যাক ফোকস ২টি উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ৫৬ ও ত্যাগিনারায়ণ চন্দরপল ৫২ রান করেন।