ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২২-২৩ মৌসুমে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলটি ডিএলএস মেথডে ৮ উইকেটে হারায় ঢাকা লিওপার্ডকে। এছাড়া প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জও জয় দিয়ে নতুন মৌসুমের সূচনা করেছে। প্রাইম ব্যাংক ৭ রানে সিটি ক্লাবকে ও রূপগঞ্জ ডিএলএস মেথডে ২০ রানে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারায়।

 

বৃষ্টিতে খাটো হয়ে আসা ৪২ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ৩৯.৩ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় নবাগত দল ঢাকা লিওপার্ড। পারভেজ রসুল ও মৃত্যুঞ্জয় চৌধুরী তিনটি করে ও শফিউল ইসলাম দুটি উইকেট নেন। ১৭২ রানের সংশোধিত টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট ও ৬৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে শেখ জামাল। তৌহিদ হৃদয় ৩০ বলে ৫০ রান করে ম্যাচসেরা হন।

 

ফতুল্লায় ৪৪ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৪৩ রান তোলে অগ্রণী ব্যাংক। ভারতের আজিম কাজী ১০২ ও সাদমান ইসলাম ৬২ রান করেন। চিরাগ জনি তিনটি এবং মাশরাফি বিন মর্তুজা ও আল-আমিন হোসেন দুটি করে উইকেট নেন। জবাবে রূপগঞ্জ ৩৮.৫ ওভারে তিন উইকেটে ২১৫ রান তুললে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি আইনে ওই সময় তাদের ১৯৬ রান হলেই চলতো। ডিএলএস মেথডে তাই ২০ রানের জয় পায় রূপগঞ্জ। ইরফান সুক্কুর ৭১, সাব্বির রহমান ৪৯, মুনিম শাহরিয়ার ৪৩ ও চিরাগ ২৯ রান করেন। ম্যাচসেরা চিরাগ জনি।

 

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৪২ ওভারে ৬ উইকেটে ২১৬ রান তোলে প্রাইম ব্যাংক। জবাবে সিটি ক্লাব ৭ উইকেটে ২০৯ রান তুলতে সমর্থ হয়। ২৮ বলে ৩১ রান করার পর বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা প্রাইম ব্যাংকের তাইজুল ইসলাম।