ইংল্যান্ডের ইতিহাসে ষষ্ঠ ও সব মিলে ২৮তম ব্যাটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন হ্যারি ব্রুক। মুলতান টেস্টে আজ বৃহস্পতিবার চতুর্থ দিন দ্বিতীয় সেশনে তিনি ৩০০ পূর্ণ করেন মাত্র ৩১০ বলে। ৩২২ বলে ৩১৭ রান করে আউট হয়ে যান তিনি। ব্রুক আউট হলেও ইংল্যান্ড পেরিয়ে যায় ৮০০ রান (৮২৩/৭/ডিক্লেয়ারড)। এটা টেস্টের চতুর্থ সর্বোচ্চ দলীয় স্কোর। আগের আটশোর্ধ্ব তিন স্কোরের দুটিই ইংল্যান্ডের। সর্বোচ্চ ৯৫২ রান শ্রীলংকার গড়া।
জো রুটের সঙ্গে ৪৫৪ রানের মহাকাব্যিক জুটি গড়েন ব্রুক। রুট ক্যারিয়াসেরা ২৬২ রান করে আউট হয়ে গেলেও ব্রুক দুরন্ত গতিতে করেন ট্রিপল সেঞ্চুরি। ক্যারিয়ারসেরা ইনিংসটাকে তিনি প্রথমে ডাবলে ও পরে ট্রিপলে রূপ দেন। এ পথে গড়েছেন অনেক রেকর্ড।
টেস্টে ২৮ জন ব্যাটার মিলে ৩২টি ট্রিপল সেঞ্চুরি করেছেন।
ব্রুকের আগে ইংল্যান্ডের লিওনার্ড হিউটন, ওয়ালী হ্যামন্ড, গ্রাহাম গুচ, অ্যান্ড্রু স্যান্ডহাম ও জন হিউ এনড্রিচ ট্রিপল সেঞ্চুরি করেন। অস্ট্রেলিয়ান ডন ব্র্যাডম্যান, ভারতের বিরেন্দর শেবাগ, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ব্রায়ান লারার রয়েছে দুটি করে ডাবল সেঞ্চুরি।
ব্রায়ান লারা খেলেছেন টেস্টের সর্বোচ্চ ইনিংস ৪০০ রান। তিনিই একমাত্র ব্যাটার হিসেবে ৪০০ রান করার কৃতিত্ব দেখান। ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর হিউটনের ৩৬৪ রান।
ব্রুক ও রুটের বীরত্বে ২৬৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা কোনো রান তোলার আগেই হারায় শফিক আব্দুল্লাহকে। তাকে বোল্ড করেন ক্রিস ওকস।










