এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ঘটেছে মহা অঘটন। কোয়ার্টার ফাইনালের
দ্বিতীয় লেগে আল আইনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল
নাসর। প্রথম লেগে আল আইনের মাঠে হেরে আসা আল নাসর ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর খেলায় ৪-৩ ব্যবধানে জয় পায়। দুই লেগ
মিলিয়ে অ্যাগ্রিগেট সমান হলে টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে ৩-১ এ জয় পায় আল আইন।
সোমবার (১২ মার্চ) নিজেদের মাঠে আল নাসর ৪৫ মিনিটের মধ্যে ২-০ গোলে
পিছিয়ে পড়ে। তবে প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে আল নাসরের ব্যবধান কমান আবদুরহমান
গারিব। ৫১ মিনিটে খালিদ ইসার আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা।
ম্যাচের ৭২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স তেলেসের গোলে
৩-২ গোলে এগিয়ে যায় আল নাসর। দুই লেগ মিলিয়ে তখন ম্যাচে সমতা। নির্ধারিত ৯০ মিনিটে
কোনো দলই আর গোল না করতে পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটে এগিয়ে যায়
আল আইন।
যখন আল নাসরের সেমিফাইনালে যাওয়ার আশা ম্লান হয়ে আসছিল, দলকে
এগিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ পান রোনালদো। আল আইনের গোলকিপারের হাত ফসকে আসা বল পোস্ট
থেকে ৩ গজ দূরে পেয়ে যান পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু আল নাসরের তারকা সেখান থেকে বল
মারেন বাইরে।
রোনালদো এরপর অবশ্য ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে লড়াইয়ে
রাখেন। কিন্তু টাইব্রেকারে নিজের শট থেকে রোনালদো গোল করলেও ব্যর্থ হন ব্রোজোভিচ, তেলেস
ও ওতাভিও।
অন্যদিকে নিজেদের প্রথম ৩ শট থেকেই গোল করে আল নাসরকে টাইব্রেকারে
হারিয়ে সেমিফাইনালে ওঠে আল আইন।










