এস্তাদিও সিওদাদ দে ভ্যালেন্সিয়ায় লেভান্তে-বার্সেলোনা ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্য। কিন্তু লা লিগার ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে হয় পাঁচটি গোল! নাটকীয় ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লুক ডি ইয়ংয়ের গোলে লেভান্তের মাঠ থেকে ৩-২ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সা। কাতালানদের হয়ে বাকি দুটি গোল করেন পেদ্রি ও পিয়েরে এমেরিক আউবামেয়াং।

লেভান্তেকে পেনাল্টি থেকে দুটি গোল এনে দেন হোসে লুইস মোরালেস ও গনজালো মেরেলো। স্বাগতিকরা আরো একটি পেনাল্টি পেয়েছিল; কিন্তু স্ট্রাইকার রজারের শট ঠেকিয়ে দেন বার্সেলোনার গোলকিপার আন্দ্রে টের স্টেগেন।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচ জমে ওঠে দ্বিতীয়ার্ধে। শুরুতে নিজেদের ভুলে পিছিয়ে যায় বার্সা। লেভান্তে ডিফেন্ডার সনকে ফাউল করেন দানি আলভেস। ৫২ মিনিটে স্পট কিক থেকে লেভান্তেকে এগিয়ে নিতে ভুল করেননি মোরালেস। চার মিনিট পর আবারো পেনাল্টির সুবাদে নিজেদের এগিয়ে রাখার সুযোগ ছিল লেভান্তের। বক্সে বল হাতে লাগে বার্সার স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু স্ট্রাইকার রজারের স্পট কিক দারুণ দক্ষতায় রুখে দেন বার্সার গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন।

৫৯ মিনিটে বার্সাকে সমতায় ফেরান গেবনেজ স্ট্রাইকার আউবামেয়াং। ৬৩ মিনিটে অতিথিদের ২-১ গোলে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেস। কিন্তু ৮৩ মিনিটে লেভান্তে তৃতীয় পেনাল্টিটি কাজে লাগালে স্কোর দাঁড়ায় ২-২। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছে। কিন্তু যোগ করা সময়ে (৯০+২) দারুণ এক গোল করে বার্সেলোনা শিবিরে স্বস্তি এনে দেন লুক ডি ইয়ং। 

এ জয়ে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া।