গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই চলছিল। কিন্তু পাকাপাকি কিছু হচ্ছিল না বলে জামাল অস্বীকার করে আসছিলেন। যদিও এখন আর তা গুঞ্জনের পর্যায়ে নেই। আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর সঙ্গে চুক্তিতে সই করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রথম কোনো বাংলাদেশী হিসেবে আর্জেন্টিনার কোনো ক্লাবে খেলতে চলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল। 

গত ১৬ আগস্ট আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভবনের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রাম ও ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে জামাল ভূঁইয়া ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর্জেন্টিনায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এটাই সময়।’ তখনই পরিষ্কার হয়ে যায়, জামাল আর্জেন্টাইন ক্লাবে খেলতে যাচ্ছেন।

শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার পর তিনি ক্লাবটির সঙ্গে চুক্তিতে সই করেন। দেড় বছরের জন্য ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে। তিনি এখানে খেলে মাসে পাবেন ১৩ হাজার ডলার। আপাতত আর্জেন্টিনার শহর বুয়েন্স আয়ার্সে ফুরফুরে মেজাজে সময় কাটছে তার। গতকাল ইনস্টাগ্রাম ও ফেসবুকে কিছু হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন: ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। নতুন অধ্যায় শুরু হলো।’ 

বাংলাদেশ সময় শুক্রবার আনুষ্ঠানিকভাবে জামালকে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। এ সময় ক্লাবের ৬ নম্বর জার্সি হাতে দেখা যায় জামালকে। তার সামনে দুই পাশে সাজিয়ে রাখা ছিল বাংলাদেশের পতাকা। ক্লাবের সভাপতি আদেন ভালদেবেনিতো জামালকে স্বাগত জানিয়ে বলেন, ‘জামালকে অনেক ধন্যবাদ। জামাল এখানে আসায় আমরা খুব খুশি। তাকে ক্লাবের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা পূরণ করা হবে।’

নিজের লক্ষ্য নিয়ে জামাল বলেন, ‘আমি এখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের অনেক মানুষ আমাকে পছন্দ করে, অনুসরণ করে। আমি এখানে আমার দক্ষতা দেখাতে এসেছি। আমি যদি ভালো করি, আরো দুই-তিনজন বাংলাদেশী এখানে আসতে পারবে।’

তিনি আরো বলেন, ‘আমি ক্লাবকে আমার অভিজ্ঞতা দিতে পারি। আমার বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমি দলে নতুন প্রাণশক্তি দিতে চাই। আমি চাই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সোল দে মায়োকে আরেক ধাপ ওপরে নিয়ে যেতে।’

ডেনমার্কে জন্ম নেয়া জামাল শুরুতে ডেনিস লিগে খেলেছেন। এরপর জাতীয় দল হিসেবে বেছে নেন পিতৃভূমি বাংলাদেশকে। ঢাকায় তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ঘুরে গত বছর যোগ দেন শেখ রাসেলে। এর মাঝে তিনি ভারতের কলকাতা মোহামেডানেও খেলে এসেছেন। এবার পাড়ি জমালেন আর্জেন্টিনায়। সোল দে মায়ো আর্জেন্টিনার তৃতীয় স্তরের লিগ তোরনেয়ো ফেদারেল ‘এ’-তে খেলে।