লিভারপুলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার আর্সেনালের কাছেও হারল ম্যানচেস্টার ইউনাইটেড। আজ এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিকরা ৩-১ গোলের জয় তুলে নেয়। এ জয়ে টেবিলের শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার আশা বেঁচে থাকল গানারদের।

 

টানা তিন হারের পর চেলসির মাঠে জয় দিয়ে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। এবার তারা হারাল আরেক বড় দল ম্যানইউকে। নুনো তাভারেজের গোলে তৃতীয় মিনিটেই লিড নেয় আর্সেনাল। ৩২ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে ব্যবধান ২-০ করেন তরুণ খেলোয়াড় বুকায়ো সাকা। এর দুই মিনিট পর ব্যবধান কমান ক্রিস্টিয়ানো রোনালদো। গত সপ্তাহে জন্মের সময় মৃত্যু হয় রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের শিশুসন্তানের। সেই শোক ভুলে মাঠে ফেরার পরই গোল পেলেন পর্তুগিজ সুপারস্টার। যদিও দলকে জেতাতে পারেননি এদিন। গ্রানিত শাকা ৭০ মিনিটে গোল করে আর্সেনালের জয় নিশ্চিত করেন।

 

এ জয়ের পর ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চারে ছিল আর্সেনাল, টটেনহামের ঝুলিতে ছিল ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট, আর ম্যানইউ ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে। বিবিসি