আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। ২ অক্টোবর প্রথম সেমিফাইনালে তাঞ্জানিয়াকে ৬৩ রানে হারায় নামিবিয়া, একই দিন কেনিয়াকে ৭ উইকেটে হারায় জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে এ দুটি দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত আসরে খেলতে না পারা জিম্বাবুয়ে ফিরে এল সংক্ষিপ্ত ভার্সনের বৈশ্বিক আসরে। এ নিয়ে সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ‘দ্য শেভরন’ খ্যাত দলটি। ২০০৯ সালের আসর থেকে তারা নিজেদের সরিয়ে নেয়, আর নিষেধাজ্ঞার কারণে ২০২১ সালের আসরে খেলা হয়নি। ২০২২ আসরে ফিরেই খেলেছে সুপার টুয়েলভ পর্বে। যদিও পরের আসরে কোয়ালিফাই করেনি আফ্রিকার দলটি। সুখবর আছে ওয়ানডেতেও। ২০১৯ ও ২০২৩ সালের টানা দুই ওয়ানডে বিশ্বকাপ মিস করার পর ২০২৭ সালের আসরে খেলবে জিম্বাবুয়ে। অবশ্য এ আসরে তারা খেলবে অন্যতম স্বাগতিক হিসেবে। আসরটি তারা দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে।
এদিকে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে নামিবিয়া। এর আগে ২০২১, ২০২২ ও ২০২৪ সালের আসরে খেলেছে তারা। ২০২১ সালের আসরে তারা সুপার টুয়েলভ পর্বে খেলার কৃতিত্ব দেখায়।
আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে অংশ নেয় মোট ৮টি দেশ। ‘এ’ গ্রুপে নামিবিয়া খেলেছে কেনিয়া, নাইজেরিয়া ও মালাবির সঙ্গে। ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ের প্রতিপক্ষ ছিল তাঞ্জানিয়া, উগান্ডা ও বতসোয়ানা। গতকাল আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে মুখোমুখি হয় বিশ্বকাপে কোয়ালিফাই করা জিম্বাবুয়ে ও নামিবিয়া।
দুই স্বাগতিক ভারত ও শ্রীলংকাসহ এখন পর্যন্ত মোট ১৭টি দেশ পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। এরা হলো ভারত (স্বাগতিক), শ্রীলংকা (স্বাগতিক), আফগানিস্তান (সুপার এইট), অস্ট্রেলিয়া (সুপার এইট), বাংলাদেশ (সুপার এইট), ইংল্যান্ড (সুপার এইট), দক্ষিণ আফ্রিকা (সুপার এইট), ওয়েস্ট ইন্ডিজ (সুপার এইট), যুক্তরাষ্ট্র (সুপার এইট), পাকিস্তান (আইসিসি র্যাংকিং), নিউজিল্যান্ড (আইসিসি র্যাংকিং), আয়ারল্যান্ড (আইসিসি র্যাংকিং), কানাডা (আমেরিকা অঞ্চল), ইতালি, নেদারল্যান্ডস (ইউরোপ অঞ্চল), নামিবিয়া ও জিম্বাবুয়ে (আফ্রিকা অঞ্চল)।
ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে শেষ ৩টি দেশ বিশ্বকাপের টিকিট পাবে। আগামী ৮ থেকে ১৭ অক্টোবর মধ্যপ্রাচ্যের দেশ ওমানে হবে বাছাইপর্ব। এতে অংশ নেবে নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, সামোয়া, কুয়েত, মালয়েশিয়া, জাপান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত।
আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলংকায় দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এবার ঘরের মাঠে শিরোপা রক্ষার মিশনে নামবে। গত আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতে নেয় রোহিত শর্মার দল। এবার ভারত খেলবে সূর্যকুমার যাদবের নেতৃত্বে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার করে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ভারত। একবার করে শিরোপা পেয়েছে পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়া।










