বাবর আজম ও আব্দুল্লাহ শফিকের ব্যাটে করাচি টেস্টের লড়াইটা গড়াল শেষ দিনে। বাবরের সেঞ্চুরিতে আজ চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৯২ রান। জয়ের জন্য আগামীকাল পঞ্চম ও শেষ দিন স্বাগতিকদের প্রয়োজন ৩১৪ রান। ৫০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানেই দুই উইকেট হারায় পাকিস্তান। ইমাম-উল হক ১ ও আজহার আলি ব্যক্তিগত ৬ রানে আউট হন। সেখান থেকে অবিশ্বাস্য লড়াইয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখেন বাবর ও শফিক।
৫৯.৪ ওভার ব্যাটিং করে বোর্ডে
১৭১ রান যোগ করেন বাবর ও শফিক। দেখে-শুনে খেলে বাবর তুলে নেন সাদা পোশাকে নিজের ষষ্ঠ সেঞ্চুরি। টেস্টে দুই বছর
পর তিন অঙ্কের দেখা পেলেন পাকিস্তান অধিনায়ক। সর্বশেষ ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন বাবর। ১৯৭ বল
মোকাবেলায় ১০২ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটার।
ম্যাচ বাঁচাতে রান তোলার চেয়ে
উইকেটে টিকে থাকায় মনোযোগী ছিলেন শফিক। ২২৬ বলে ৭১ রানে অপরাজিত আছেন এই ওপেনার।
তার স্ট্রাইক রেট ৩১.৪১।
এর আগে আজ সকালে ২ উইকেটে ৯৭
রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাতে
পাকিস্তানের সামনে ৫০৬ রানের বিশাল টার্গেট দিতে সমর্থ হয় সফরকারীরা। প্রথম ইনিংসে
অজিরা করেছিল ৫৫৬/৯। জবাবে পাকিস্তান মাত্র ১৪৮ রানে অলআউট হয়।
উল্লেখ্য, টেস্টের
ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার
বিপক্ষে ৪১৮ রান করে জিতেছিল ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। কাজেই কাল
করাচিতে জিততে হলে ইতিহাস গড়তে হবে বাবর আজমের দলকে।










