দশম বাংলাদেশ প্রিমিয়ার
লিগে (বিপিএল) সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা
করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ও সর্বোচ্চ চারবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
যদিও রংপুরের সুযোগ শেষ হয়ে যায়নি। আগামীকাল বুধবার কোয়ালিফায়ার-২ ম্যাচে ফরচুন বরিশালকে
হারাতে পারলেই ফাইনালে উঠে যাবে সাকিব আল হাসান, নুরুল হাসান সোহানের দল। নকআউট এই
ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সমান সুযোগ আছে তামিম ইকবালের ফরচুন বরিশালেরও।
সোমবার এলিমিনেটর ম্যাচে
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারায় বরিশাল। ওইদিন সন্ধ্যায় টেবিলের এক ও দুই
নম্বরের লড়াইয়ে কুমিল্লার কাছে হার মানে রংপুর। জেমস নিশামের ৯৭ রানের বিস্ফোরক ইনিংসে
ভর করে ১৮৫ রানের পুঁজি পায় রংপুর। যদিও তাওহিদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত এক পার্টনারশিপে
ভর করে ৯ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় পায় কুমিল্লা।
রাউন্ড রবিন লিগের টেবিল
টপার রংপুর হারলেও বিদায় নেয়নি। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা আরেকটি সুযোগ
পাচ্ছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
নকআউট এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন তামিম ও সাকিব। এক সময়ের দুই বন্ধুর মধ্যে এখন চরম
বৈরিতা। এই বিষয়টা আগামীকালের দ্বৈরথকে দিচ্ছে বাড়তি ঝাঁঝ। তামিম ১৩ ম্যাচে ৪৪৩ রান
করে এবারের আসরে রান চার্টে রয়েছেন দ্বিতীয় স্থানে। তার চেয়ে মাত্র চার রান বেশি করে
তালিকার শীর্ষে কুমিল্লার তাওহিদ হৃদয়। বরিশাল ফাইনালে উঠলে শীর্ষ রান সংগ্রাহক হওয়ার
সুযোগ থাকবে তামিমের, কারণ তিনি একটি ম্যাচ বেশি খেলবেন।
অন্যদিকে, সাকিব আল হাসান
চোখের সমস্যা কাটিয়ে উঠে এখন দারুণ ছন্দে। ১২ ম্যাচে ইনিংসে ১৬১.৭৮ স্ট্রাইক রেটে ২৫৪
রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট।
১ মার্চ শুক্রবার সন্ধ্যায়
দশম বিপিএল ফাইনাল।
বিপিএলে আগের ৯ আসরে সর্বোচ্চ
চারবার শিরোপা জিতেছে কুমিল্লা। এছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটর্স দুবার, ঢাকা ডায়নাসাইটস
একবার, রংপুর রাইডার্স একবার ও রাজশাহী রয়্যালস একবার চ্যাম্পিয়ন হয়েছে।










