ওয়ানডে আর টেস্ট ক্রিকেটের মধ্যে ব্যবধান যেন ক্রমেই ঘুচিয়ে
দিচ্ছেন হ্যারি ব্রুক আর ইংল্যান্ডের বর্তমান আগ্রাসী ব্যাটাররা। ধারাবাহিকভাবে
মারমুখী ব্যাটিংয়ে রানের বন্যা বইয়ে চলা ব্রুক খেললেন আরেকটি বিস্ফোরক ইনিংস।
ওয়েলিংটন টেস্টে আজ ১৬৯ বলে ১৮৪ রানের হার না মানা ইনিংস খেলে ইংল্যান্ডের
কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন তিনি। সঙ্গে অনবদ্য ব্যাটিং করা জো রুট ১৮২ বলে ১০১ রানে
অপরাজিত রয়েছেন। তাতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে
৩১৫ রান।
রুট আট টেস্টের
মধ্যে প্রথম সেঞ্চুরি পেয়েছেন। এর অল্প সময় পর ওয়েলিংটনে বৃষ্টি শুরু হলে খেলা
বন্ধ হয়ে যায়। যদিও ব্যাটিংয়ে ঝড় তুলে মাত্র ৬৫ ওভারেই তিনশোর্ধ্ব সংগ্রহ পেয়ে যায়
ইংলিশরা। অথচ শুরুটা ছিল বিভীষিকাময়। ২১ রানের মধ্যে জ্যাক ক্রলে, বেন ডাকেট ও ওলি
পোপকে হারায় ইংলিশরা। এরপর হ্যারি ব্রুক আর জো রুট অনবদ্য এক পার্টনারশিপে মোড়
ঘুড়িয়ে দেন। আত্মবিশ্বাসী ব্রুক নিজের স্টাইলেই ব্যাটিং করে যান। এ পথে তুলে নেন ক্যারিয়ারের
প্রথম ছয় টেস্টের মধ্যে চতুর্থ সেঞ্চুরি।
১৬৯ বলের ইনিংসের
পর এখন তার ক্যারিয়ার রান ৮০৭, যা কিনা প্রথম ৯ ইনিংস শেষে সর্বোচ্চ রানের রেকর্ড।
৯ ইনিংসে আগের সর্বোচ্চ ৭৯৮ রান ছিল ভারতের বিনোদ কাম্বলির। এখন ১২ ইনিংসের মধ্যে
এক হাজার রান করতে পারলে তিনি ছুঁয়ে ফেলবেন ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও
ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকসকে।
সাবেক অধিনায়ক রুট
প্রথম বলেই রিভিউ নিয়ে লেগ বিফোর থেকে বেঁচে যান, এরপর ৩১ রানে আরেকবার। এরপর নিখুঁত
খেলে সেঞ্চুরি পূর্ণ করেন। ইয়র্কশায়ারের এই দুই ক্রিকেটার দলের বিপদে হাল ধরে
চতুর্থ উইকেটে বোর্ডে যোগ করেন ২৯৪ রান। এর
মধ্য দিয়ে ইংল্যান্ডকে সংহত অবস্থান গড়ে দেন দুজন।
টানা সাত জয়ের আশাও ওয়েলিংটনে খেলতে নেমেছে ইংলিশরা।
বেন স্টোকসের দল ১১ টেস্টের মধ্যে ১০টিতেই জিতেছে।










