নারীদের টি২০ বিশ্বকাপ ফাইনাল আজ। শিরোপার লড়াই হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। অস্ট্রেলিয়ার নারীরা এ ফরম্যাটের পরাশক্তি। সাত আসরের মধ্যে পাঁচবারই শিরোপা গেছে অস্ট্রেলিয়ায়। এটা তাদের সপ্তম ফাইনাল। এ পরিসংখ্যানই বলে দেয়, নারীদের টি২০ বিশ্বকাপে কতটা প্রতাপশালী দল তারা। আজ ইতিহাস তাদের পক্ষেই থাকছে। উদ্দীপনা দক্ষিণ আফ্রিকারও আছে। প্রোটিয়া নারীরাও গড়েছে অন্যরকম ইতিহাস। নারী ও পুরুষ ক্রিকেট মিলে আইসিসির কোনো ইভেন্টে এ প্রথম ফাইনালে খেলবে সুনে লুজের দল। 

দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার আইসিসির কোনো মুকুট এনে দিকে নিশ্চিতভাবেই প্রাণপণ লড়বেন লরা উলভার্ট, তাজমিন ব্রিটস ও সাবনিম ইসমাইলরা। আজ শিরোপার লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

দক্ষিণ আফ্রিকার নারীদের আগের সেরা সাফল্য দুইবার সেমিফাইনাল। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে ও ২০২০ সালে অস্ট্রেলিয়া আসরে তারা শেষ চারে ওঠে। এবারই টি২০ বিশ্বকাপে সেরা সাফল্য দেখিয়েছে নিয়মিত অধিনায়ক ডেন ফন নিকার্কবিহীন দলটি। 

নারী ও পুরুষ ক্রিকেট মিলে সব ফরম্যাটে এর আগে ১১টি সেমিফাইনাল খেলে কখনো জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। অবশেষে ব্রিটস, লরা ও ইসমাইলদের হাত ধরে প্রোটিয়াদের চির দুর্ভাগ্যের সমাপ্তি ঘটল। এবার শিরোপা ছোঁয়ারও হাতছানি।

অথচ এবার ঘরের মাঠে দুঃস্বপ্নের মতো সূচনা হয় প্রোটিয়াদের। প্রথম ম্যাচেই তাদের হারিয়ে দেয় শ্রীলংকা। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেও পরের ম্যাচে আবার তারা ধরাশায়ী হয় অস্ট্রেলিয়ার কাছে। পরে অবশ্য বাংলাদেশকে হারিয়ে শুধু নেট রানরেটে নিউজিল্যান্ড ও শ্রীলংকাকে পেছনে ফেলে সেমিফাইনালের টিকিট পায় প্রোটিয়া নারীরা। 

এরপর ঘুরে দাঁড়ায় স্বাগতিক দেশের মেয়েরা। ধ্রুপদি লড়াইয়ে সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬ রানে পরাজিত করে ফাইনালে ওঠে তারা। ওই ম্যাচে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই তারা উন্নতির সাক্ষর রাখে। ব্রিটস ও লরা উলভার্টের হাফসেঞ্চুরির পর সাবনিম ইসমাইল ও আয়াবোঙ্গা খাকার অবিশ্বাস্য বোলিং জয় এনে দেয় তাদের। 

আজ প্রোটিয়ারা লড়বে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে চৌকস দলটির সঙ্গে। অজিরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই নিখুঁত ক্রিকেট খেলে। সেমিফাইনালে ভারতকে তারা ৫ রানে হারায়। বেথ মুনি (৫৪) ও মেগ ল্যানিংয়ে (৪৯*) ব্যাটিংয়ের পর ডার্সি ব্রাউনের বোলিং (২/১৮) অজিদের জয় নিশ্চিত করে। 

১৮ ফেব্রুয়ারি গেবেরহায় রাউন্ড রবিন লিগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারায় অজিরা। স্বাগতিকরা আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২৪ রান তোলে। জবাবে অজিরা ২১ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। ওই জয় আজ অজিদের মনস্তাত্ত্বিকভাবে খানিকটা এগিয়ে রাখবে। আবার টি২০ ক্রিকেটে ছয়বারের মুখোমুখিতে কখনই হারেনি অজি নারীরা। 

প্রোটিয়াদের প্রেরণা দিচ্ছে ঘরের মাঠ আর দর্শক সমর্থন। সেসঙ্গে তাজমিন ব্রিটস ও লরা উলভার্টের ফর্ম। ৩২ বছর বয়সী ব্রিটস সর্বশেষ তিন ম্যাচে করেছেন যথাক্রমে ৪৫, ৫০ ও ৬৮ রান। চলতি আসরে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৬ রান নিয়ে আজ তিনি নামছেন ফাইনালে। ২১৬ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ইংল্যান্ডের নাতালি শিভার। ১৭১ রান নিয়ে তিনে অস্ট্রেলিয়ান ওপেনার অ্যালিসা হিলি ও ১৬৯ রান নিয়ে চারে ব্রিটসের ওপেনিং পার্টনার লরা। 

উইকেট শিকারে শীর্ষে ইংল্যান্ডের খেলোয়াড়, তিনি সোফি একলেস্টোন (১১ উইকেট)। এরপর দুজন অস্ট্রেলিয়ার—অ্যাশলে গার্ডনার (৯ উইকেট) ও মেগান শাট (৯ উইকেট)। ৭ উইকেট শিকার করে যথাক্রমে পাঁচ ও সাতে দক্ষিণ আফ্রিকার আয়াবোঙ্গা খাকা ও মারিয়ানে ক্যাপ। ফাইনালে দুই দলের ব্যাটার ও বোলারদের শ্রেষ্ঠত্বের লড়াইও হবে নিউল্যান্ডস স্টেডিয়ামে।