ইংলিশ ক্লাব মানচেস্টার ইউনাইটেড কিনতে
৬২০ কোটি ডলার দরপ্রস্তাব করেছেন কাতারের শেখ জসিম। কোনো ফুটবল দলের জন্য প্রস্তাব
করা মূল্য হিসেবে এটি এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ। খবর অ্যারাবিয়ান বিজনেস।
এদিকে তাকে টক্কর দিতে যুক্তরাজ্যভিত্তিক
কেমিক্যাল কোম্পানি আইএনইওএসের মালিক স্যারি জিম র্যাটক্লিফও নতুন দাম প্রস্তাব করেছেন।
অবশ্য তিনি পুরো ক্লাব নয়, কিনতে চাচ্ছেন ক্লাবের অর্ধেক শেয়ার।
এদিকে রেকর্ড পরিমাণ হলেও শেখ জসিমের প্রস্তাব
করা মূল্য ক্লাবের বর্তমান মালিক গ্লেজার পরিবারের হাঁকা মূল্যের চেয়ে কম। তারা চাইছে
ম্যানইউকে সাড়ে ৭শ বিলিয়নে বিক্রি করতে।
শেখ জসিম ম্যানচেস্টার ইউনাইটেড কিনে ক্লাবের
অবকাঠামো পাল্টানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ক্লাবের অনুশীলনকেন্দ্র ঠিক করার পাশাপাশি
ওল্ড ট্র্যাফোর্ড সংস্কার কিংবা নতুন একটি স্টেডিয়াম বানানোর পরিকল্পনা রয়েছে তার দরপ্রস্তাবে।
এ ছাড়াও ইউনাইটেডের ৬২ কোটি ডলার দেনা মোচনের প্রতিশ্রুতিও দিয়েছেন শেখ জসিম।
প্রসঙ্গত, গত বছর ৫২০ কোটি ডলারে যুক্তরাষ্ট্রের
ব্যবসায়ী টড বোয়েলি কিনে নিয়েছিলেন চেলসি। এখন পর্যন্ত এটিই বিক্রি হওয়া কোনো ক্লাবের
সর্বোচ্চ দামের রেকর্ড।










