প্যারিস
অলিম্পিক গেমসে নারী ফুটবলে টানা দুই ম্যাচ জেতা কানাডার এখন নকআউটে উঠে যাওয়ার কথা।
অথচ তাদের নামের পাশে এখন শূন্য পয়েন্ট!
২৫
জুলাই নিউজিল্যান্ডকে ২-১ গোলে ও ২৮ জুলাই ফ্রান্সকে একই ব্যবধানে হারিয়ে দেয় ‘ম্যাপল
লিফার্স’রা। এরপরও তাদের নামের পাশে শূন্য পয়েন্ট। কারণ হলো, নিউজিল্যান্ড ম্যাচের আগে প্রতিপক্ষে দলের অনুশীলনে
ড্রোন পাঠিয়ে নজরদারি করেছিল কানাডার ম্যানেজমেন্ট। সেই অপরাধে কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনকে
৩ লাখ ৪৪ হাজার ডলার জরিমানা ও দলটিকে ৬ পয়েন্ট জরিমানা করা হয়েছে।
একই
অপরাধে কানাডার ইংলিশ কোচ বেব প্রিয়েস্টম্যানকে সব ধরণের ফুটবলে এক বছর নিষিদ্ধ করেছে
ফিফা। তার আগেই কানাডা তাকে বরখাস্ত করার পাশাপাশি অলিম্পিক থেকেও সরিয়ে নেয়। প্রিয়েস্টম্যানের
দুই সহকারীকেও নিষিদ্ধ করেছে ফিফা।
সেই
কেলেঙ্কারির মাশুল দিতে হচ্ছে টোকিওতে স্বর্ণজয়ী দল কানাডাকে। এবার প্যারিসে দুর্দান্ত
ফুটবল খেলেও এখন তারা নকআউটের টিকিট পাবে কিনা, তা নিশ্চিত নয়। তারা ৬ পয়েন্ট পেলেও
তা জরিমানায় কেটে নেয়া হয়েছে!
রোববার
রাতে সেন্ট এতিয়েনে আলেক্সান্দ্রা ফ্লেমিং ও ভেনেসা জাইলসের গোলে ফ্রান্সকে হারায় কানাডা।
ইনজুরি টাইমের ১২তম মিনিটে গোল করে ফরাসিদের হতবাক করে দেন কানাডার জাইলস। একই রাতে
নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারায় কলম্বিয়া। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কলম্বিয়া, সমান
পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। বুধবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার
ফাইনালে ওঠার ভালো সুযোগ এখনো আছে কানাডার। ওইদিন কলম্বিয়া মুখোমুখি হবে কানাডার।
১২
দলের এই লড়াইয়ে তিন গ্রুপ থেকে শীর্ষ ছয়টি দল এবং তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে
সেরা দুটি উঠবে কোয়ার্টার ফাইনালে। সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার সুযোগও আছে কানাডার।
রোববার
রাতে জার্মানিকে ৪-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র।
এ রাতে অস্ট্রেলিয়া ৬-৫ গোলে জাম্বিয়াকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে। জার্মানি ও অস্ট্রেলিয়া
উভয়ের পয়েন্ট ৩। শেষ ম্যাচে অস্ট্রেলিয়া খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, জার্মানির প্রতিপক্ষ
জাম্বিয়া।
এ রাতে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে
নকআউটের টিকিট পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। জাপানের কাছে ১-২ গোলে হেরেছে
মার্তার ব্রাজিল। জাপান প্রথম ম্যাচে স্পেনের কাছে হেরে যায়, আর নাইজেরিয়াকে হারায়
ব্রাজিল। ব্রাজিল ও জাপান ‘সি’ গ্রুপ থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার রেসে আছে।
সেই সঙ্গে ‘সেরা তৃতীয়’ হিসেবেও সুযোগ আছে উভয়ের।










