আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ওয়েলিংটনে আজ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ করে ক্যারিবিয়ান নারীরা। জবাবে ৩০.২ ওভারে তিন উইকেট হারিয়ে ১৩২ রানের লক্ষ্যে পৌঁছে যায় অজি নারীরা।
অস্ট্রেলিয়ার হয়ে ৯৫ বলে ৮৩ রানের হার না মানা ইনিংস খেলেন রাচেল হেইনস। ইনিংসটি সাজিয়েছেন ৯টি চারের বাউন্ডারিতে। এছাড়া বেথ মুনি ২৮ রানে অপরাজিত থাকেন।
আগে ব্যাটিংয়ে নেমে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি ক্যারিবীয় ব্যাটাররা। মূল ব্যাটারদের তিনজনই শূন্য রানে আউট হন। মিডল অর্ডারে অধিনায়ক স্টেফানি টেলর ও উইকেটরক্ষ-ব্যাটার শেমাইন ক্যাম্পবেলের ব্যাটে দলীয় শতরান পেরোয় দলটি। ৯১ বলে ৫০ রান করেন টেলর। ক্যাম্পবেল করেন ২০ রান। অজি বোলারদের মধ্যে এলিস পেরি ও অ্যাশলে গার্ডনার তিনটি করে উইকেট নেন। ২২ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা পেরি। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেও সেরা খেলোয়াড় হন এই অলরাউন্ডার।
চার ম্যাচে সবকটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে দুই জয়-পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের তিনটিতেই জিতে টেবিলের তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকা।










