মোহালিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে গতকাল ৬ উইকেটে ৩৫৭ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা ভারত বড়জোর সাড়ে চারশ রান আশা করেছিল হয়তো। কিন্তু রবীন্দ্র জাদেজার টর্নেডো ব্যাটিংয়ে ভর করে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। এই রানে জাদেজার একারই অবদান ১৭৫!

২২৮ বলে ১৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় পৌনে দুশ রান করেন বামহাতি এই ব্যাটার। ৮২ বলে ৬১ রান করে তাকে দারুণ সঙ্গ দেন রবিচন্দ্রন অশ্বিন। সপ্তম উইকেট জুটিতে ১৭৪ বলে ১৩০ রান যোগ করেন এ দুজন।

নবম উইকেটে মোহাম্মদ শামিকে নিয়ে ৯৪ বলে ১০৩ রানের আরেকটি ঝড়ো পার্টনারশিপ গড়েন জাদেজা। শতরানের পার্টনারশিপের মধ্যে শামির অবদান মাত্র ২০, বাকি রান জাদেজার।

মোহালি টেস্টটি ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির জন্য একটু আলাদাই। এটি তার শততম টেস্ট। ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়লেন তিনি। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২০০ ম্যাচ খেলার রেকর্ড আছে ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকারের। শচিনের রেকর্ডটা হয়তো আরো বহুদিন অক্ষতই থাকছে। তবে ম্যাচের সেঞ্চুরির গৌরব ঠিকই থাকছে কোহলির। বিশ্বের ৭১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ম্যাচ খেলছেন কোহলি।

আড়াই বছর সেঞ্চুরিহীন বিরাট প্রথম ইনিংসে ৭৬ বল মোকাবেলায় ৪৫ রান করে লাসিথ এমবুলদেনিয়ার বলে বোল্ড হন। অন্যদিকে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে জাদেজা তুলে নিয়েছেন টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। এরপর ইনিংসটা টেনে নিয়েছেন ১৭৫ পর্যন্ত। আগের ৫৭ টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ছিল হার না মানা ১০০ রানের। চৌকস এই অলরাউন্ডার টেস্টে নিয়েছেন ২৩৩ উইকেট।

রান পাহাড়ে চাপা পড়া সফরকারী লংকানরা ৪ উইকেটে ১০৮ রান করে দ্বিতীয় দিন মাঠ ছেড়েছে। ক্রিকইনফো