ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ
খেলবে বাংলাদেশ। এ সফর সামনে রেখে আজ রোববার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি)। এই সিরিজে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী ফাস্ট
বোলার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
বিপিএলের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন মৃত্যুঞ্জয়। সাতক্ষীরার এই
ক্রিকেটার ৯টি প্রথম শ্রেণীর ম্যাচ ও ২৫টি ঘরোয়া টি২০ ম্যাচ খেলেছেন। জাতীয় দলে এই
প্রথম ডাক পেলেন।
তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। চেমসফোর্ডের দ্য ক্লাউড
কাউন্টি গ্রাউন্ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১২ ও ১৪ মে। স্থানীয় সময়
সকাল ১০টা ৪৫ মিনিটে ও বাংলাদেশ সময় পৌঁনে ৫টায় শুরু হবে প্রতিটি ম্যাচ।
এই সিরিজটি বাংলাদেশের চেয়েও দক্ষিণ আফ্রিকার জন্য বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ
এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। তবে প্রোটিয়াদের ভাগ্য এই সিরিজের ওপর
নির্ভর করছে। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকাকে
পেছনে ফেলে অষ্টম দল হিসেবে সরাসরি বিশ্বকাপে যাবে আইরিশরা। আর বাংলাদেশ ন্যূনতম
একটি ম্যাচ জিতলেই বিশ্বকাপে উঠবে প্রোটিয়ারা।
সম্প্রতি বাংলাদেশে তিন ফরম্যাটের সিরিজ খেলে গেছে আইরিশরা। প্রতিটি সিরিজেই
বাংলাদেশ জিতেছে।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন
শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদী হাসান
মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান
মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।










