মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৩ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ২১৩ রান তুলতে সমর্থ হলে ম্যাচ ‘টাই’ হয়ে যায়। জয়-পরাজয় নির্ধারণে ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচ গড়ায় সুপার ওভারে। যদিও প্রথমবার তিক্ত অভিজ্ঞতাই হলো। সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ১০ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে করতে হতো ১১ রান। স্বাগতিকরা ১ উইকেট হারিয়ে ৯ রান তুলতে সমর্থ হলে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে সিরিজে ১-১-এ সমতা আনল ক্যারিবীয়রা। বৃহস্পতিবার একই মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ।