মরক্কো ও পিএসজির তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত শুরু করেছেন ফরাসি প্রসিকিউটররা। তবে হাকিমির আইনজীবী ধর্ষণের এ অভিযোগ অস্বীকার করেছেন। খবর বিবিসি।
হাকিমির আইনজীবী ফ্যানি কলিন এক বিবৃতিতে লা পারিসিয়েনকে জানায়, ‘হাকিমি কোনো ভুল করেননি। অভিযোগগুলো মিথ্যা। তিনি খুবই শান্ত স্বভাবের এবং ন্যায়বিচারের জন্য লড়ে যাবেন।’ এদিকে, হাকিমির পাশে দাঁড়িয়েছে তার ক্লাব পিএসজি। এক বিবৃতিতে ক্লাবটি হাকিমির প্রতি সমর্থন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার কথা বলেছেন।
এর আগে ২৪ বছর বয়সী হাকিমির বিরুদ্ধে গত রোববার ধর্ষণের অভিযোগ ওঠে। মামলাটি পুলিশের তদন্তে রয়েছে। তদন্তে নেতৃত্ব দিচ্ছেন প্যারিসের শহরতলি নান্তেসের প্রসিকিউটর অফিস। অভিযোগ রয়েছে, হাকিমি গত শনিবার প্যারিসের বুলোন এলাকায় তার বাড়িতেই ধর্ষণ করেন।
অভিযোগে আরো বলা হয়েছে, ছুটি কাটাতে হাকিমির পরিবার প্যারিসের বাড়িতে না থাকায়, সেই সুযোগে ফাঁকা বাড়িতে ওই নারীকে নিয়ে যাওয়া হয়। পরে ওই নারী যৌনমিলনে অসম্মতি জানালে মারধর ও ধর্ষণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই মূলত ওই নারীর সঙ্গে পরিচয় হাকিমির।










