প্রথম ওয়ানডেতে ডেভিড মালানের কাছে হেরেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের ত্রাতা হয়ে উঠলেন জেসন রয়। তার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অতিথিরা। ১২৪ বলে ১৩২ রান করে তিনি সাকিব আল হাসানের শিকার হন। এ প্রতিবেদন লেখার সময় জস বাটলার ৪১ ও মঈন আলী শূন্য রানে ব্যাট করছিলেন। দলের সংগ্রহ ছিল ৩৭ ওভারে ২০৮/৫।



মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলনায়ক তামিম ইকবাল। সপ্তম ওভারে তাসকিন আহমেদের কল্যাণে প্রথম সাফল্য পায় স্বাগতিকরা। ফিল সল্টকে স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি (২৫/১)। প্রথম উইকেট পতনের পর মারমুখী খেলতে থাকেন রয় ও মালান। ১৬তম ওভারে মালানকে (১১) লেগ বিফোরের ফাঁদে ফেলে দলকে উচ্ছ্বাসে ভাসান স্পিনার মেহেদী হাসান মিরাজ। যদিও বিচ্ছিন্ন হওয়ার আগেই ৫৪ বলে ৫৮ রান যোগ করেন দুজন। ৪২ রান তুলে এ সময় রয়ই বেশি আগ্রাসী ছিলেন।


পরের জুটিটা অবশ্য বড় হতে দেননি স্পিনার তাইজুল ইসলাম। জেমস ভিন্সকে ব্যক্তিগত ৫ রানে আউট করেন তিনি (৯৬/৩)। তাইজুলের বলে আউটসাইড এজ হয়ে তিনি ক্যাচ দেন উইকেটকিপার মুশফিকুর রহিমকে। এরপর অধিনায়ক জস বাটলারকে নিয়ে ৯৩ বলে ১০৯ রানের বড় পার্টনারশিপ গড়ে দলের রান দুশ পার করেন রয়। এর কিছুক্ষণ পরই তিনি আউট হয়ে যান। খুব বেশি সময় থাকা হয়নি উইল জ্যাকসেরও। তিনি এক রানের সময় তাসকিনের বলে শর্ট মিডউইকেটে সাকিবকে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।