পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ না করেই বিদায় নিয়ে বাংলাদেশে চলে এসেছেন রশিদ খান ও মোহাম্মদ নবী। আজ দুই তারকা পৌঁছে গেছেন চট্টগ্রামে, যেখানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান, এরপর ঢাকায় রয়েছে দুই ম্যাচের টি২০ সিরিজ। 

 

রশিদ ও নবীর সঙ্গে আছেন আরেক ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ। রোববার পাকিস্তান থেকে রওনা হয়ে আজ চট্টগ্রামে পৌঁছেছেন রশিদ, নবীরা। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া তারা আফগানিস্তান দলের সঙ্গে যোগ দেবেন।

 

পিএসএলের ফাইনাল আগামী রোববার। ওই আসরে রশিদ লাহোর কালান্দার্সে, নবী করাচি কিংসে ও গুরবাজ ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছিলেন। নবীর দল করাচি এবার শোচনীয়ভাবে ব্যর্থ হয়ে বিদায় নিলেও রশিদ ও গুরবাজের দল প্লে-অফে উঠেছে। যদিও জাতীয় দলের ডাকে তারা পিএসএল শেষ না করেই চলে এসেছেন। দুবাই হয়ে তিন ক্রিকেটার সরাসরি চট্টগ্রামে পা রাখেন আজ।

 

আফগানিস্তান দলের আজ কোনো অনুশীলন নেই। তাই এই তিন ক্রিকেটারই বিশ্রামে থাকবেন। আগামীকাল দলের সঙ্গে বাংলাদেশে অনুশীলন শুরু করবেন তারা।

 

রশিদ ও নবীরা আজ এলেও আফগানিস্তান দলের বাকিরা বেশ আগেই চলে এসেছেন বাংলাদেশে। সিলেটে দশদিনের অনুশীলন ক্যাম্প সম্পন্ন করে দলটি এখন চট্টগ্রামে, যেখানে প্রথম ওয়ানডে ২৩ ফেব্রুয়ারি।