গত ৩০ অক্টোবর লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচের ৪০মিনিটে বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন সার্জিও কুন অ্যাগুয়োরো। সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কে জানতো এখানেই থেমে যাবে কুনের ফুটবল অধ্যায়। হৃদরোগের কারণে ৩৩ বছর বয়সেই থামতে হলো অ্যাগুয়োরোকে। কয়েকদিন ধরেই অবসরের খবরে ভাসছে গণমাধ্যম। অবশেষে আজ বুধবার ক্যাম্প ন্যুয়ে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন এ আর্জেন্টাইন স্ট্রাইকার।

ক্লাব ক্যারিয়ারে অ্যাতলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার হয়ে খেলেছেন ৬৬৬ ম্যাচ। ৩৭৯ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৪৬ গোল। ক্লাব ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন ম্যানসিটিতে। ক্লাবটির হয়ে ৩৯০টি ম্যাচ খেলে ২৬০ গোল করেছেন তিনি। জিতেছেন ১৫টি শিরোপা।

আর্জেন্টিনার হয়ে ১০১ ম্যাচে প্রতিনিধিত্ব করে ৪১ গোলের সাথে ১৯টি অ্যাসিস্ট করেন অ্যাগুয়েরো। ২০২১ কোপা আমেরিকা জয়ে আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি।

অ্যাগুয়েরো বলেন, আপনাদের জানাতে চাই, এটি অনেক কঠিন একটি সিদ্ধান্ত। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, সব কিছুর আগে আমার স্বাস্থ্য। আপনারা জানেন, এক মাস আগে আমার সমস্যা হয়েছিল। আমি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলাম। তারা আমাকে বলেছেন, খেলা বন্ধ করে দেয়াই সবচেয়ে ভালো হবে। আরো সপ্তাহ-দশদিন আগে আমি এ সিদ্ধান্ত নিয়েছে।

অ্যাগুয়েরো বলেন, আমার বেশি কোনো আশা ছিল না, তারপরও আমি যা পেয়েছি খুশি। আমার ক্যারিয়ার যেভাবে পার করেছি তাতে গর্বিত।

স্বপ্ন ছিল লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বার্সেলোনায় খেলবেন। ঠিকঠাকই এগোচ্ছিলো সব। ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় পাড়ি জমালেন সার্জিও কুন অ্যাগুয়েরো। ক্যাম্প ন্যুয়ের সবুজ গালিচায় দাঁড়িয়ে নিজেকেও দেখে নিলেন। কিন্তু কয়েকদিনের ব্যবধানে সবকিছু এলোমেলো হয়ে গেল। লিওনেল মেসি চলে গেলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে। খেলা হলো না জাতীয় দলের সতীর্থের সঙ্গে। এর পরও বার্সায় খেলার স্বপ্ন পূরণ হয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকারের। কিন্তু বেশিদূর যাওয়া হলো না। লা লিগায় চারটি ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচে মাঠে নামেন তিনি।