আগামী টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। ১৫ সদস্যের দলে ফেরানো হয়েছে বাঁহাতি ওপেনার এভিন লুইসকে। তবে বিশ্বকাপের এই স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং সুনিল নারিনের।

রাসেল গত বিশ্বকাপের দলে থাকলেও নারিন অবশ্য আগের আসরেও ছিলেন না। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় অনেক বেশি মনোযোগী হয়ে একরকম জাতীয় দলকে ভুলেই গিয়েছিলেন তারা। সম্প্রতি কোচ ফিল সিমন্স বলেছিলেন, তিনি কাউকে জাতীয় দলের হয়ে খেলার জন্য জোর করবেন না কিংবা বলবেন না। যার ভালোবাসা ও দায়িত্ব থাকবে দলের প্রতি, সে নিজেই আসবে।

সংযুক্ত আরব আমিরাতে গত বছর অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের পর ক্যারিবিয়ানদের জার্সিতে আর দেখা যায়নি লুইস-রাসেলকে। আবুধাবিতে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন দুই মারকুটে। তবে দলটির নির্বাচকরা এবার লুইসকে ফেরানোর সিদ্ধান্ত নিলেও দলে ঠাঁই দেননি রাসেলকে।

অধিনায়কত্ব থাকছে নিকোলাস পুরানের কাঁধেই। তবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়েছে দুই নতুনমুখ ইয়ানিক ক্যারিয়াহ ও রেইমন রেইফারের। অন্য সংস্করণে খেললেও এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় লেগ স্পিনিং অলরাউন্ডার ক্যারিয়াহ ও ব্যাটিং অলরাউন্ডার রেইফার।

প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, আমরা ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার জন্য তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণ বেছে নিয়েছি। বাছাই প্রক্রিয়ায় আমরা চলমান সিপিএলকে প্রাধান্য দিয়েছি। খুব ভালো খেলছে এমন খেলোয়াড়দের নজরে রেখেছিলাম।

আগামী ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় চলবে টি২০ বিশ্বকাপের অষ্টম আসর। সরাসরি সুপার টুয়েলভে খেলতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। তাদের খেলতে হবে প্রথম রাউন্ড। এই রাউন্ডে 'বি' গ্রুপে ক্যারিবিয়ানদের তিন প্রতিপক্ষ হলো স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। আগামী ১৭ অক্টোবর স্কটিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভে ওঠার অভিযান শুরু করবে তারা।

টি২০ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল:

নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), ইয়ানিক ক্যারিয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেড ম্যাকয়, রেইমন রেইফার ও ওডেন স্মিথ।