আজ শুরু হয়েছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশের নারীরা। আগামীকাল শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের বিশ্বমঞ্চের স্বপ্নযাত্রা। নিউজিল্যান্ডের ডুনেডিনে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে।

 

এ পর্যন্ত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল ১৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে ১৫টি ম্যাচেই জিতেছে প্রোটিয়ারা, মাত্র দুটিতে জয় পায় বাংলাদেশ। দু’দলের শেষ পাঁচ দেখায়ও কোনো জয় নেই বাংলাদেশ দলের। ২০১৮ সালে শেষ দেখা। সেবার দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতে হারে বাংলাদেশের নারীরা।

 

এ ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে চোখ থাকবে ফারজানা হক ও রুমানা আহমেদের দিকে, বোলিংয়ে নাহিদা আক্তার ও জাহানার আলমের ওপর। প্রোটিয়া ব্যাটিংয়ের শক্তি লাওরো ওলভার্ডটি ও লিজেলি লি। শেষ চার ইনিংসে ১২৪ গড়ে ২৪৮ রান করেন লি। বোলিংয়ে নজর থাকবে আয়াবোঙ্গা খাকা ও শাবনিম ইসমাইলের ওপর।

 

প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ হওয়ায় নিগার সুলতানা ও সালমা খাতুনদের কাছে এটি স্বপ্নের বিশ্বকাপ। অপরদিকে দুবারের সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা নারী দলের এটি সপ্তম বিশ্বকাপ আসর। গত আসরেও সেমিতে খেলেছিল প্রোটিয়ারা। এবারো তারা শক্তিশালী দল নিয়ে এসেছে। আইসিসি ওডিআই র্যাংকিংয়ে তাদের অবস্থান দুই নম্বরে, বাংলাদেশ ছয়ে।

 

বিশ্বকাপের প্রস্তুতি অবশ্যই ভালো হয়নি দু’দলেরই। দুই প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ১০৯ ও পাকিস্তানের বিপক্ষে ৭ রানে হারে নিগার সুলতানার দল। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে ছয় উইকেটে ও ভারতের বিপক্ষে ২ রানে হেরেছে।

 

কভিডের প্রকোপে জিম্বাবুয়েতে মাঝপথে বাতিল হয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। সেটাই আশীর্বাদ হয়ে আসে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য। আইসিসি র্যাংকিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকায় বাংলাদেশের সুযোগ মিলেছে বিশ্বকাপে খেলার।