বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ৭৭ রানে নেই ৭ উইকেট সাকিবের রংপুরের। তখন প্রায় ১৫ ওভার হয়ে গেছে । সাকিবদের খেলা দেখে মনে হচ্ছিল ১০০ রানের গণ্ডি পার করতে পারবে না। ঠিক তখন জ্বলে ওঠেন শামীম পাটোয়ারী খেলেন দুর্দান্ত এক ইনিংস।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে রংপুর।
দলের চরম বিপর্যয়ের মুখে শামীম শুধু হালই ধরলেন না, ২০ বলে ফিফটি করে রংপুর রাইডার্সকে এনে দিলেন লড়াকু পুঁজি। শামীম পাটোয়ারীর ২৪ বলে ৫৯ রানের হার না মানা ইনিংসে ভর করে শেষ ৫ ওভারে ৬৬ রান তুলেছে রংপুর। ৭ উইকেট হারিয়ে তাদের বোর্ডে জমা পড়েছে ১৪৯ রান। অর্থাৎ ফাইনালে উঠতে হলে ফরচুন বরিশালকে করতে হবে ১৫০।
ইনিংসের প্রথম ওভারেই কাইল মায়ার্স বুঝিয়েছিলেন মিরপুরে আজ সুইংয়ের বাড়তি ঝলক দেখা যাবে। প্রথম ওভারে সাবধানি শুরু করেছিলেন শেখ মেহেদি এবং রনি তালুকদার। এদিনও অবশ্য রংপুরের ওপেনিং নিয়ে বাজি কাজে আসেনি। দ্বিতীয় ওভারেই ফিরেছেন মেহেদি। সাইফুদ্দিনের আউটসুইং বল তার ব্যাট ছুয়ে চলে যায় মুশফিকের গ্লাভসে।
একই ওভারে ফিরেছেন সাকিবও। বাড়তি বাউন্সের বলটা ব্যাট ছুয়ে চলে যায় মুশফিকের হাতে। ঠিক দুই ওভার পরেই উইকেট নিয়েছেন মায়ার্স। রনি তালুকদার বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন জেমস ফুলারের কাছে। এরপরেই অবশ্য হাল ধরেছেন নিশাম। টানা তিন চারে মোমেন্টাম ঘোরানোর প্রচেষ্টায় ছিলেন এই কিউই অলরাউন্ডার।
তবে নিশাম আজ আর জাদু দেখাতে পারেননি। দলীয় রান ৪৮ যখন, তখনই ফিরে যান নিশাম। করেছেন ২২ রান। তার আগে নিকোলাস পুরান ফিরেছেন ৮ বলে ৩ রানের হতাশাজনক ইনিংস খেলে। বড় কিছু করা হয়নি মোহাম্মদ নবী এবং নুরুল হাসান সোহানের। ইনিংস মেরামতের চেষ্টায় ব্যর্থ ছিলেন দুজনেই। নবীর রান ১২ আর সোহানের ১৪। ৭৭ রানে গেল ৭ উইকেট।
শেষ পর্যন্ত ত্রাতা হয়েছেন শামীম। আবু হায়দার রনিকে নিয়ে ৩৩ বলে গড়লেন ৭২ রানের জুটি। হার্ডহিটার ব্যাটার হিসেবে সুনাম কুড়িয়েছেন। প্রমাণের সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন। শামীমের প্রতি ফিনিশার হিসেবে প্রত্যাশা ছিল যত বেশি, তিনি ব্যাটিংয়ে ছিলেন ততটাই অধারাবাহিক। তবে বড় মঞ্চে আজ খেললেন দুর্দান্ত এক ইনিংস।
২০ বলে তার এ ফিফটি চলতি বিপিএলে দ্রুততম সেঞ্চুরি। আবু হায়দার রনিও খারাপ খেলেননি। সঙ্গ দিয়েছেন শামীমকে। সিনিয়র আর পরীক্ষিত ক্রিকেটারদের ব্যর্থতার দিনে তার ৯ বলে ১২ রানই ছিল যথেষ্ট।










