লা পাজের উচ্চতার সঙ্গে সংগ্রাম করতে হয় অতিথি যে কোনো দলকে। সেখানে স্বাগতিক বলিভিয়াকে উড়িয়ে রেকর্ড গড়েছে তিতের ব্রাজিল। নেইমার-ভিনিয়ুসবিহীন বিশ্বকাপ বাছাই ম্যাচে তাদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। এ জয়ে কনমেবল অঞ্চলে বেশি পয়েন্টের নতুন রেকর্ড গড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তারা ভেঙে দিয়েছে আর্জেন্টিনার পুরনো রেকর্ড। এই জয়ের পর সেলেসাওদের পয়েন্ট ৪৫। আগের সর্বোচ্চ ৪৩ পয়েন্ট ছিল আর্জেন্টিনার, যা ২০০২ সালের বিশ্বকাপ বাছাইয়ে গড়া।

নিষেধাজ্ঞায় নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রও ছিলেন না। ফলে চিলির বিপক্ষে ম্যাচ থেকে সাতটি পরিবর্তন আনেন তিতে। শুধু নিজেদের অবস্থান ধরে রাখেন অ্যালিসন, মার্কিনোস, অ্যান্থনি ও পাকেতা।

ব্রাজিল এগিয়ে যায় ২৪ মিনিটে। লুকাস পাকেতার গোলের পর ৪৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন আক্রমণে নেতৃত্বে দেয়া রিচার্লিসন। পরের অর্ধে ৬৬ মিনিটে একটি গোল করেন গিমারেস। রিচার্লিসন যোগ করা সময়ে দেখা পান জোড়া গোলের।

এদিকে প্রথমার্ধে হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে পেনাল্টি থেকে এনার ভ্যালেন্সিয়ার গোলে একুয়েডরের বিপক্ষে জয় বঞ্চিত হয় আলবিসেলেস্তেরা। বুধবার ভোরে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তবে এ নিয়ে ৩১ ম্যাচে অপরাজিত থাকল আর্জেন্টাইনরা।

লাতিন অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, একুয়েডর ও উরুগুয়ে। এদিকে জায়ান্টদের আনুষ্ঠানিকতার দিনে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার আশা জিয়ে রেখেছে পেরু। ১৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পঞ্চম স্থানে। এবার বিশ্বকাপ খেলা হবে না চিলি ও কলম্বিয়ার। পেরু জেতায় ও চিলি ২-০ গোলে উরুগুয়ের কাছে হেরে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয় সানচেজদের। 

পঞ্চম স্থানধারী পেরু এখন মহাদেশীয় প্লে-অফ খেলবে এশিয়ার সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। ওই ম্যাচের বিজয়ী দলটিও যাবে কাতার বিশ্বকাপে।

এশিয়া থেকে সরাসরি বিশ্বকাপে উঠেছে ইরান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও জাপান। আরেকটি দলের প্লে-অফ জিতে বিশ্বকাপ খেলার সুযোগ আছে।